• ‘২৭ লাখ নাম বাদ গেলেও, ভোটে ব্যবধান...’, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের
    এই সময় | ১৪ এপ্রিল ২০২৬
  • রাজ্যে এসআইআর-এ প্রায় ৯১ লাখ মানুষের নাম বাদ গিয়েছে। তার মধ্যে রয়েছেন বিচারাধীন তালিকার ২৭ লক্ষ। এত মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেলেও, এ বারের বিধানসভা ভোটে তৃণমূলই জিতবে। কোচবিহারে ভোটের প্রচারে গিয়ে মঙ্গলবার বিজেপিকে এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বলেন, ‘গত বার তৃণমূল আর বিজেপির ভোটের ব্যবধান ছিল প্রায় ৬০ লাখ। এ বার বিচারাধীনদের ২৭ লক্ষ বাদ পড়েছেন। তার পরেও চ্যালেঞ্জ করে বলছি, এ বার তৃণমূলের ব্যবধান বাড়বে।’

    কোচবিহারে রোড শোয়ের পর সভা করে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া রাজবংশীদেরও বার্তা দিয়েছেন অভিষেক। তিনি বলেন, ‘সব কাগজ থাকা সত্ত্বেও আপনাদের নাম কেটে দিয়েছে। কথা দিচ্ছি, ক্ষমতায় আসার এক মাসের মধ্যে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে রাজবংশীদের।’ পাশাপাশি অভিষেকের ঘোষণা, কোচবিহারের ৯টি আসনেই তৃণমূল জিতলে এই জেলার দায়িত্ব আগামী পাঁচ বছরের জন্য তিনিই নেবেন। তৃণমূল সেনাপতির কথায়, ‘ডায়মন্ড হারবারে গত ১২ বছরে ৬ হাজার কোটি টাকার কাজ করেছি। আগামী ৫ বছরে আমার শেষ রক্তবিন্দু দিয়ে দায়িত্ব নেব এই ৯টা বিধানসভার। আপনারা তৃণমূলকে জেতান। দায়িত্ব আমার।’

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও বিঁধেছেন অভিষেক। বলেছেন, ‘কোচবিহারে এলে আমরা সাধারণত মদনমোহন মন্দিরে গিয়ে দিন শুরু করি। মদনমোহন মন্দির রাসমেলার মাঠ থেকে বড়জোড় ২ মিনিট। কিন্তু মোদী-শাহ মদনমোহন মন্দিরে যাওয়ার প্রয়োজন বোধ করে না। এটাই বিজেপির আসল চেহারা। এদের কাছে হিন্দু ধর্ম শিখব না। আমরা স্বামী বিবেকানন্দের গেরুয়ায় বিশ্বাসী। যোগী আদিত্যনাথের গেরুয়ায় নই।’

    অভিষেকের সংযোজন, ‘বাইরে থেকে দেখে মনে হয় মোদীজি অনেক বড় নেতা। কিন্তু মানুষ চেয়েছে বলেই উনি প্রধানমন্ত্রী হয়েছেন। আবার মানুষ যদি চায়, তাদের অহঙ্কার ভেঙে চূর্ণবিচূর্ণ করে দিতে পারে। কাল এরা ক্ষমতায় এলে বাড়ি থেকে বেরোতে পারবেন না। মাছ-মাংস খেতে দেবে না। আর মাত্র ২০ দিন। ৪ তারিখের পর ওদের আর পাওয়া যাবে না।’

  • Link to this news (এই সময়)