ভোটের আগে সংবেদনশীল এলাকাগুলিতে মানুষের আস্থা ফেরাতে রাজ্য সরকার জেলা প্রশাসন ও পুলিশকে একযোগে মাঠে নামার নির্দেশ দিয়েছে। মুখ্যসচিবের দপ্তর থেকে জারি করা নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, আগের ভোট যেখানে হিংসা বা ভয় দেখানোর অভিযোগ উঠেছিল, সেই সব এলাকাকে চিহ্নিত করে দ্রুত পরিদর্শন করতে হবে।
নির্দেশিকায় বলা হয়েছে, জেলা শাসক, জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের একসঙ্গে এই কাজ করতে হবে। ২০২১ সালের বিধানসভা, ২০২৩ সালের পঞ্চায়েত এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যে যে এলাকা থেকে ভোটে অশান্তির অভিযোগ উঠেছিল, সেগুলিকে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে।
আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে এই সব এলাকায় সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যসচিবের দপ্তরের তরফে। সাধারণ ভোটারদের মধ্যে আস্থা তৈরি করতে এই পরিদর্শনের বিষয়টি প্রচারের আওতায় আনার কথাও বলা হয়েছে।
সরেজমিনে পরিদর্শন করে সেই রিপোর্ট ১৬ এপ্রিল বিকেল ৫টার মধ্যে জমা দিতে হবে। একই সঙ্গে প্রতিটি বুথ এলাকায় যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। মোবাইল, স্যাটেলাইট, ওয়্যারলেস— সব ধরনের ব্যবস্থাকে কাজে লাগিয়ে ভোটের দিন যাতে কোনও সমস্যা না হয়, সেই বিষয়েও জোর দেওয়া হচ্ছে।