• বিজেপি ছেড়ে নির্দল, মনোনয়ন প্রত্যাহার করে তৃণমূলে সপ্তগ্রামের সেই সফিকুল
    এই সময় | ১৫ এপ্রিল ২০২৬
  • বিজেপি ছেড়ে নির্দল প্রার্থী হয়েছিলেন সফিকুল আলম সরকার। হুগলির সপ্তগ্রাম বিধানসভায় নির্দলে মনোনয়নও দিয়েছিলেন। সোমবার সেই মনোনয়ন প্রত্যাহার করে মঙ্গলবার যোগ দিলেন তৃণমূলে।

    ভোটের হাওয়ায় রাজ্য জুড়েই এ দিক ও দিক হচ্ছে ঘুঁটি। হুগলি সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি সুরেশ সাউ রবিবারই ডানলপে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন। এ বার সফিকুল নির্দল থেকে তৃণমূলে।

    সপ্তগ্রামের তৃণমূল প্রার্থী বিদেশ বোসের সমর্থনে এ দিন প্রচার করেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। হুডখোলা গাড়িতে মহানাদ অঞ্চলে প্রচার করেন। সাংসদ ও প্রার্থীর সঙ্গে একই গাড়িতে দেখা যায় সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সুরেশ সাউকে।

    পরে মহানাদ অঞ্চল তৃণমূল কার্যালয়ে যোগদান করেন সফিকুল আলম সরকার। তিনি বলেন, ‘বিজেপি দলটা করছিলাম। কিন্তু ওরা ভাইয়ে ভাইয়ে বিরোধ লাগায়। বিজেপি করার থেকে নির্দল হওয়া ভালো। নির্দলে মনোনয়ন জমাও দিলাম। পরে ভেবে দেখলাম বিজেপি যখন ছেড়ে দিয়েছি, নির্দল যখন হয়ে গিয়েছি, তা হলে তৃণমূলে যোগ দিয়ে দিদির উন্নয়নে সামিল হই।’

    এই যোগদানের পরে সুরেশ সাউ বলেন, ‘এটা হওয়ারই ছিল। সব সময়ে বিজেপি তৃণমূলকে ভাঙানোর চেষ্টা করছে। কিন্তু তা সম্ভব নয়, আজ তার প্রমাণ পাওয়া গেল। আগামিদিনে আরও প্রমাণ মিলবে। ক্রমশ প্রকাশ্য।’

  • Link to this news (এই সময়)