• বুথকর্মীদের চাঙ্গা করতে অডিও বার্তা মোদির
    আজকাল | ১৫ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বিধানসভা নির্বাচনে আগে পশ্চিমবঙ্গের বিজেপির বুথ কর্মীদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কীভাবে বুথকর্মীরা কাজ করবেন, কোথাও কোনওরকম সমস্যা হলে কীভাবে তারা মোকাবিলা করবেন?‌ গোটা বিষয়ে অডিওর মাধ্যমে বার্তা দান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ঠিক আগে সরাসরি বুথ স্তরের কর্মীদের সঙ্গে সংযোগ নরেন্দ্র মোদির। কোথাও জায়ান্ট স্ক্রিন আবার কোথাও অনলাইনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন কর্মী–সমর্থকরা। মঙ্গলবার বিজেপির সল্টলেক দপ্তরে এই অডিও বার্তা শোনার জন্য উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা সহ অমিতাভ চক্রবর্তী, শশী অগ্নিহোত্রী সহ বিজেপি কর্মী সমর্থকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সরাসরি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বুথস্তরের কার্যকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন, উন্নয়ন বার্তা পৌঁছে দেন এবং আসন্ন নির্বাচনের জন্য কৌশল নির্ধারণও করে দেন বিজেপি কর্মী সমর্থকদের। ‘‌আমার বুথ সবচেয়ে মজবুত’‌ এই কর্মসূচির মাধ্যমে নমো অ্যাপে নরেন্দ্র মোদি সরাসরি বাংলার বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেন।

    এদিকে, বাংলায় মঙ্গলবার তিনটি জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যার শুরু হয় উত্তর দিনাজপুরে পদযাত্রা দিয়ে। তার পর গঙ্গারামপুরে সভা করেছেন তিনি। দ্বিতীয় সভা মালদহের মানিকচকে। তৃতীয় সভা মালদহেরই গাজোলে। প্রতি জনসভা থেকেই তৃণমূলের উদ্দেশে সুর চড়ান শাহ। 

    অন্যদিকে, সোমবারই কোচবিহারের দিনহাটা শহরে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর রোড শো ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। পুটিমারী এলাকায় হেলিকপ্টারে পৌঁছনোর পর বিজেপি প্রার্থী অজয় রায়ের সমর্থনে রোড শো শুরু করেছিলেন তিনি। শুরু থেকেই এই রোড শো ঘিরে ব্যাপক ভিড় ও রাজনৈতিক আবহ লক্ষ্য করা যায়।

    রোড শো শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা অতিক্রম করে এগোচ্ছিল। তবে দিনহাটা কলেজপাড়া এলাকায় পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে অবস্থিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা কর্মী–সমর্থকরা পতাকা হাতে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এর জবাবে বিজেপির রোড শোতে অংশগ্রহণকারী কর্মী–সমর্থকেরাও ‘জয় শ্রী রাম’ স্লোগান তোলেন। মুহূর্তের মধ্যে স্লোগান–পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

  • Link to this news (আজকাল)