আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনের মুখে ভাঙড় বিধানসভা কেন্দ্র আবারও শিরোনামে। বিজেপি প্রার্থী জয়ন্ত গায়েনের বাড়িতে তৃণমূল প্রার্থী সওকাত মোল্লার উপস্থিতি ঘিরে যে ছবি সামনে এসেছে, তা নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ—সবাই।
মঙ্গলবার সকালে আচমকাই ভাঙড়ের বিজেপি প্রার্থী জয়ন্ত গায়েনের বাড়িতে পৌঁছে যান তৃণমূল প্রার্থী সওকাত মোল্লা। ঘটনাটি প্রথমে স্থানীয়দের নজরে এলেও, পরে সেই মুহূর্তের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। ছবিতে দেখা যায়, দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী একসঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন। আরও একটি দৃশ্যে দেখা যায়, জয়ন্ত গায়েনের মা সওকাত মোল্লার মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন। এই ছবি ঘিরেই তৈরি হয়েছে বিতর্কের ঝড়।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ঘটনা নিছক সৌজন্য সাক্ষাৎ হলেও তার সময় এবং প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বর্তমানে রাজ্য রাজনীতিতে তৃণমূল এবং বিজেপির মধ্যে চরম সংঘাত চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিয়মিতভাবে তৃণমূল নেতৃত্বকে আক্রমণ করছেন। অপরদিকে তৃণমূলও বিজেপির বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানাচ্ছে। সেই পরিস্থিতিতে ভাঙড়ে এই ধরনের ‘বন্ধুত্বপূর্ণ’ ছবি অনেকের কাছেই অস্বাভাবিক মনে হচ্ছে।
বিজেপি প্রার্থী জয়ন্ত গায়েনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রার্থী ঘোষণার পর থেকেই তাঁকে খুব একটা সক্রিয়ভাবে দেখা যায়নি। না রয়েছে বড় কোনও প্রচার, না রয়েছে মিডিয়ার সামনে দৃঢ় বক্তব্য। ফলে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। বিজেপির অন্দরেও এই নিয়ে চাপা অসন্তোষের কথা শোনা যাচ্ছে।
দলীয় সূত্রে দাবি, জয়ন্ত গায়েনের সঙ্গে সওকাত মোল্লার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তাঁর পরিবারের সদস্যদের মধ্যেও তৃণমূলের প্রভাব রয়েছে বলে শোনা যায়। জানা গিয়েছে, তাঁর ভাই তৃণমূলের বুথ সভাপতি এবং দিদি স্থানীয় পঞ্চায়েত প্রধান। এই তথ্য সামনে আসতেই বিরোধীদের অভিযোগ আরও জোরদার হয়েছে যে, ভাঙড়ে প্রকৃতপক্ষে তৃণমূল ও বিজেপির মধ্যে 'বোঝাপড়া' রয়েছে।
এই ইস্যুতে সরব হয়েছেন ভাঙড় বিধানসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, “আমরা আগে থেকেই বলে আসছিলাম যে ভাঙড়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটিং রয়েছে। এই ঘটনা সেই কথাকেই আবার প্রমাণ করে দিল।” তাঁর অভিযোগ, ভাঙড়ে প্রকৃত বিরোধিতা নেই। বরং ভোটারদের সামনে একটি কৃত্রিম লড়াই দেখানো হচ্ছে।
তবে এই সমস্ত অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী সওকাত মোল্লা। তাঁর দাবি, “জয়ন্ত গায়েনের মা আমাদের দলের একজন মহিলা নেত্রী। আমি সেই সূত্রেই তাঁর বাড়িতে গিয়েছিলাম। এটি সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ। এর সঙ্গে কোনও রাজনৈতিক সেটিংয়ের সম্পর্ক নেই।” তিনি আরও দাবি করেন, নির্বাচনের আগে বিরোধীরা ইচ্ছাকৃতভাবে এই বিষয়টিকে বড় করে দেখিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ঘটনাটি যতই ব্যক্তিগত বা সৌজন্যমূলক বলা হোক না কেন, এর প্রভাব অস্বীকার করা যাবে না। কারণ, নির্বাচনের ঠিক আগে এমন একটি ঘটনা ভোটারদের মনে সন্দেহ তৈরি করতেই পারে। বিশেষ করে ভাঙড়ের মতো স্পর্শকাতর কেন্দ্রে, যেখানে রাজনৈতিক লড়াই বরাবরই তীব্র।