আজকাল ওয়েবডেস্ক: এক চিকিৎসকের কাহিনী এবার সংবাদ শিরোনামে উঠে এল। চিকিৎসক প্রকাশ চন্দ্র হাজরা সম্প্রতি একটি বেআইনি কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি প্রকাশ্যে নিজের পরিষেবা নিয়ে একটি বিজ্ঞাপন দিয়েছেন। সেখানে তিনি সরাসরি ৫০০ টাকা ছাড়ের কথা ঘোষণা করেছেন।
তবে তাঁর এই ৫০০ টাকা ছাড়ের দিকটি থাকবে সমাজের একটি বিশেষ বিভাগের মানুষের মধ্যেই। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন, যে ব্যক্তি ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেবেন তাঁকেই তিনি ৫০০ টাকা ছাড় দেবেন। চিকিৎসকরা যে নীতি নিয়ে নিজেদের কাজ করে থাকেন সেখানে তার এহেন ঘোষণা রীতিমতো বিতর্ক তৈরি করেছে।
একজন চিকিৎসক দেশ,কাল,পাত্রের উর্ধ্বে উঠে গিয়ে নিজের কাজ করেন। সেখানে সমাজের গরিব থেকে শুরু করে কোটিপতি সকলেই তার কাছে সমান। সেখানে কীভাবে এহেন একটি ঘোষণা তিনি করতে পারেন তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। নির্বাচনের আগে এখান থেকেই তিনি হিন্দুদের প্রতি পক্ষপাতিত্ব করার অভিযোগ সামনে আসছে।
তাঁর বিরুদ্ধে আইএমএ-র কাছে সরাসরি অভিযোগ করেছেন দেশ বাঁচাও গণমঞ্চ। গোটা বিষয়টি নিয়ে তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। চিকিৎসক প্রকাশ চন্দ্র হাজরা যে ঘোষণা করেছেন তার জন্য তার সমুচিত শাস্তির দাবি করেছেন দেশ বাঁচাও গণমঞ্চের সদস্যরা। সেখানে নাম রয়েছে ডা. শান্তিরঞ্জন দাশগুপ্ত, ডা. দেবপ্রিয় মল্লিক, ডা. দেবাশীষ বক্সী, ডা. সিদ্ধার্থ গুপ্ত এবং ডা. ভাস্বর চক্রবর্তী।