• প্রচারের মধ্যেই আচমকা হামলা প্রার্থীর উপর
    আজকাল | ১৫ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ফালাকাটায় ফের হামলার শিকার হলেন বিজেপি প্রার্থী দীপক বর্মণ। ঘটনাটি ঘটেছে ফালাকাটা এলাকার কাদম্বিনী চা বাগানে, যেখানে তিনি নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন। অভিযোগ,প্রচারের মাঝেই একদল দুষ্কৃতী আচমকা হামলা চালায় তাঁর উপর এবং তাঁর সঙ্গীদের লক্ষ্য করে।

    এই হামলায় গুরুতরভাবে জখম হন তাঁর সঙ্গে থাকা গাড়ির চালক। দুষ্কৃতীরা তাঁকে মারধর করে এবং তাঁর মাথা ফাটিয়ে দেয় বলে জানা গিয়েছে। ঘটনার আকস্মিকতায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের একাংশ দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

    প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী ও সমর্থকরা। তাঁরা ফালাকাটা ট্রাফিক মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ফলে এলাকায় যান চলাচল কিছুক্ষণের জন্য সম্পূর্ণভাবে ব্যহত হয়। বিক্ষোভকারীদের দাবি, এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

    ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

    নির্বাচনের প্রাক্কালে এই ধরনের হামলার ঘটনায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
  • Link to this news (আজকাল)