এসআইআর প্রক্রিয়া ‘সংবিধান বিরোধী পদক্ষেপ’ বলে তোপ রাহুল গান্ধীর
দৈনিক স্টেটসম্যান | ১৫ এপ্রিল ২০২৬
পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার মালদহ জেলার চাঁচল এলাকায় নির্বাচনী সভা থেকে তিনি এই প্রক্রিয়াকে ‘সংবিধান বিরোধী’ বলে তীব্র আক্রমণ করেন। পাশাপাশি যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের ভোটাধিকার ফেরানোর আশ্বাসও দিয়েছেন তিনি।
বিআর আম্বেদকরের জন্মবার্ষিকীর প্রসঙ্গ তুলে রাহুল বলেন, ‘তিনি সারা জীবন দিয়ে দেশের সংবিধান গড়েছেন। ঐক্য, ভ্রাতৃত্ব এবং গণতন্ত্র রক্ষার জন্য লড়েছেন। কিন্তু আজ বিজেপি ও তাদের সহযোগীরা সেই সংবিধানকেই ধ্বংস করার চেষ্টা করছে।’
প্রসঙ্গত, সম্প্রতি এসআইআর প্রক্রিয়ার ফলে রাজ্যে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। রাহুল গান্ধীর দাবি, এই প্রক্রিয়া সম্পূর্ণ সংবিধানবিরোধী। এর মাধ্যমে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘কংগ্রেস ক্ষমতায় এলে এই মানুষদের ফের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।’
তবে এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসের ভূমিকাকেও কড়া ভাষায় সমালোচনা করেন তিনি। তাঁর বক্তব্য, ‘তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবে না। শুধু কংগ্রেসই পারে বিজেপিকে পরাস্ত করতে।’
রাজনৈতিক মহলের মতে, এসআইআর ইস্যুকে সামনে রেখে রাজ্যে ভোটের আগে রাজনৈতিক লড়াই আরও তীব্র হচ্ছে। একদিকে বিজেপির বিরুদ্ধে আক্রমণ, অন্যদিকে তৃণমূলের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস নিজেদের জায়গা মজবুত করার চেষ্টা করছে। এই প্রেক্ষিতে স্পষ্ট, ভোটার তালিকা ও ভোটাধিকার নিয়ে বিতর্ক আগামী দিনে আরও বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে চলেছে।