‘বার্নল-বোরোলিন’ পোস্টের পালটা মমতার মুখে আইসক্রিম! তীব্র আক্রমণ কমিশনকে
প্রতিদিন | ১৫ এপ্রিল ২০২৬
প্রথম দফার ভোটের আর ১০ দিনও বাকি নেই! আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন রয়েছে। তার আগে কমিশনের ‘বার্নল-বোরোলিন’ সংক্রান্ত একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। এবার এই ইস্যুতেই একেবারে রণংদেহি মেজাজে ধরা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, পালটা আইসক্রিম দেওয়ার বার্তা তৃণমূল সুপ্রিমোর মুখে। কমিশন এবং বিজেপিকে বিঁধে তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, ”ভয় কাদের দেখাচ্ছেন? যারা বলছে, বার্নল দিয়ে পুড়িয়ে দেব, তাদের বলুন তোমাদের জন্য আমাদের বার্নল নয়, আইসক্রিম দেব।”
বঙ্গ ভোটের আবহে গত কয়েকদিন আগেই নির্বাচন কমিশনের দক্ষিণ কলকাতার ডিইও-র সোশাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট করা হয়। ওই পোস্টের ক্যাপশনে একদিকে ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে রয়েছে প্রছন্ন হুমকিও! ক্যাপশনে লেখা হয়েছে, ‘সকল মা, বোন ও ভাইদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান করা হচ্ছে। যদিও কিছু লোক এতে জ্বলতে পারে। গুণ্ডা, অপরাধীরা সাবধান। নিজেদের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে বার্নল ও বোরোলিন মজুত রাখুন। না হলে উত্তাপ এতটাই বাড়বে যে আপনারা পুড়ে যাবেন।’
কমিশনের সমাজমাধ্যম অ্যাকাউন্টে এহেন পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক! ঘটনায় রীতিমতো প্রশ্নের মুখে কমিশনের আধিকারিকরা। যা নিয়ে এবার প্রচারে বেরিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। আজ মঙ্গলবার পিংলা-সহ রাজ্যের একাধিক কেন্দ্রে প্রচার চালান তিনি। আর সেখান থেকেই কমিশনের এহেন পোস্ট নিয়ে মুখ খোলেন তৃণমূল সুপ্রিমো। বলেন, ”সার্কুলারে বার্নল-বোরোলিনের কথা লেখা হয়েছে। কাদের ভয় দেখাচ্ছেন? যারা বলছে, বার্নল দিয়ে পুড়িয়ে দেব, তাদের বলুন তোমাদের জন্য আমাদের বার্নল নয়, আইসক্রিম দেব।” আইসক্রিম কেন? তাও প্রচার মঞ্চ থেকে ব্যাখ্যা দেন তৃণমুল সুপ্রিমো। বলেন, ”প্রচণ্ড গরম এখন, আইসক্রিম খান, যাতে শরীরটা আইস (বরফ) থাকে। আপনাদের সঙ্গে আমাদের এইটুকুই তফাৎ। আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না।” শুধু তাই নয়, এদিন ফের একবার লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়েও কমিশনের বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়।