• নববর্ষের প্রাক্কালে কালীঘাটে পুজো মমতার, আরতি করে রাজ্যবাসীর জন্য কী প্রার্থনা মুখ্যমন্ত্রীর?
    প্রতিদিন | ১৫ এপ্রিল ২০২৬
  • বাংলা নববর্ষের প্রাক্কালে কালীঘাট মন্দিরে পুজো দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের কয়েকজনের সঙ্গে তিনি মন্দিরে হাজির হন। এরপর কালী মাকে শাড়ি, মালা দিয়ে, মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজো দেন মমতা। নববর্ষের দিন তাঁর উত্তরবঙ্গে একাধিক নির্বাচনী কর্মসূচি রয়েছে। তার আগে মঙ্গলবার কালীঘাটে পুজো দিলেন তিনি।

    লাগাতার নির্বাচনী প্রচারে ব্যস্ত মমতা। আজকেও একাধিক জায়গায় জনসভা ছিল তাঁর। সেই সব কর্মসূচি সেরে সন্ধ্যায় কালীঘাট মন্দিরে আসেন তিনি। পুজো দেওয়ার পর মায়ের আরতিও করেন মমতা। মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। পাশাপাশি সকলের সুস্থতা কামনা করেন। তাঁর কথায়, “বাংলার সব পরিবার পরিজন-সহ বিশ্বের সব পরিবার পরিজনকে প্রণাম জানাচ্ছি। মায়ের কাছে সকলের জন্য প্রার্থনা করেছি। মা সকলকে শক্তি দিক, ভক্তি দিক। সকলে ভাল থাকুন। শুভ নববর্ষ।”

    আগামীকাল নববর্ষের দিন উত্তরবঙ্গে একাধিক নির্বাচনী কর্মসূচি রয়েছে মমতার। ১৫ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে ঝোড়ো প্রচার করবেন তিনি। আগামীকাল অর্থাৎ নববর্ষের দিন ইসলামপুরে জনসভা করার কথা রয়েছে মমতার। তারপর শিলিগুড়ি ও চালসায় ২টি রোড শো করবেন তিনি। সেই কারণে নতুন বছর পড়ার আগের সন্ধ্যাতে কালীঘাটে পুজো দিলেন মমতা। পুজো দেওয়ার সময় কালীঠাকুরের শাড়ি নিয়ে প্রশ্ন করেন তিনি। ঠাকুরের শাড়ি ফেলে না দিয়ে গরিব মানুষের দিয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি। এরপর আরতি করে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজো করেন মমতা।
  • Link to this news (প্রতিদিন)