• বাড়ি বাড়ি গিয়ে প্রবীণ ও বিশেষ ভাবে সক্ষমদের ভোটগ্রহণ শুরু কমিশনের​
    এই সময় | ১৫ এপ্রিল ২০২৬
  • শারীরিক অসুস্থতা, বয়সের ভারে ন্যুব্জ ও বিশেষ ভাবে সক্ষম ভোটার—যাঁদের ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে ভোট দেওয়ার ক্ষেত্রে অসুবিধে রয়েছে, তাঁদের পাশে এ বারও দাঁড়িয়েছে নির্বাচন কমিশন। অসুস্থ, প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটদান প্রক্রিয়া মঙ্গলবার মুর্শিদাবাদ (Murshidabad) জেলার ২২টি আসনে শুরু হয়েছে। ওই ভোটগ্রহণ নেওয়া চলবে আগামী বুধবার, ২২ এপ্রিল, পর্যন্ত।কমিশনের এই মানবিক উদ্যোগকে গণতন্ত্রের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন রাজনৈতিক মহল ও সাধারণ নাগরিকরা।

    প্রশাসন সূত্রে ​জানা গিয়েছে, যাঁরা ভোটকেন্দ্রে উপস্থিত হতে অসমর্থ, তাঁদের ভোটদান প্রক্রিয়া সুনিশ্চিত করতে কমিশন (Election Commission) পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট নেওয়ার ব্যবস্থা করেছে। মূলত ৮৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ ভোটার এবং বিশেষ ভাবে সক্ষম নাগরিকদের এই বিশেষ সুবিধে দেওয়া হচ্ছে।

    মুর্শিদাবাদ জেলা প্রশানের এক আধিকারিক জানান, এই জেলায় সব মিলিয়ে প্রায় ৪,০০০ এমন ভোটার রয়েছেন, যাঁদের বাড়িতে গিয়ে ভোটগ্রহণ করবেন কমিশনের প্রতিনিধিরা। একই সঙ্গে ওই ভোটদান প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরাপদ রাখতে বিশেষ দল গঠন করেছে কমিশন।

    এ দিন যেমন ডোমকল (Domkal) বিধানসভা কেন্দ্রে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, বুথ লেভেল অফিসার (বিএলও) এবং ব্লক আধিকারিকদের একটি দল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোটারদের বাড়িতে পৌঁছে যান। এর পরে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখেই ব্যালটের মাধ্যমে ওই ভোট সংগ্রহ করা হয়। ​প্রশাসনের ওই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ। কারণ ভোটের দিন এই প্রবীণ, শারীরিক ও বিশেষ ভাবে সক্ষম মানুষদের অটো-টোটো-ভ্যান রিকশায় চড়িয়ে ভোটগ্রহণ কেন্দ্রে নিয়ে যাওয়া খুবই কষ্টের। এই প্রক্রিয়ার ফলে তাঁদের অন্তত শারীরিক কষ্ট ভোগ করতে হচ্ছে না।

    ডোমকল বিধানসভার রিটার্নিং অফিসার ও ডোমকলের মহকুমাশাসক শুভঙ্কর বালা বলেন, ‘ডোমকল মহকুমা এলাকায় তিনটি বিধানসভা রয়েছে। তার মধ্যে ডোমকল বিধানসভা এলাকায় ৬২ জন, জলঙ্গিতে ২৫৯ এবং রানিনগর বিধানসভা এলাকায় ১৯৪ জন ওই ধরনের ভোটার রয়েছেন।’ মুর্শিদাবাদের জেলাশাসক আর অর্জুনের কথায়, ‘বিভিন্ন বিধানসভা এলাকায় মঙ্গলবার এই কার্যক্রমের সূচনা হয়। বুধবারও চলবে। এর ফলে অশক্ত মানুষদের ভোটদান করার অধিকার যেমন ফিরিয়ে দেওয়া গেল, তেমনই তাঁদের ভোটপ্রয়োগে অংশ নেওয়ার ক্ষেত্রে প্রশাসনও তাঁদের গুরুদায়িত্ব পালন করতে পেরেছে।’

  • Link to this news (এই সময়)