• ‘অবাক জলপান’-ই তপনের ভবিতব্য? জিতলেই সমস্যা মেটানোর আশ্বাস তৃণমূলের, গড় ধরে রাখতে পারবে বিজেপি?
    এই সময় | ১৫ এপ্রিল ২০২৬
  • ‘একটু জল চাই, কোথায় পাই?’ সুকুমার রায়ের ‘অবাক জলপান’ নয়। দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) তপন বিধানসভা কেন্দ্রের (Tapan constituency) স্থানীয় বাসিন্দাদের এখন প্রশ্ন এটাই। ছাব্বিশের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) সবচেয়ে বড় ইস্যুও।

    হিমালয়ের পাদদেশের ছোট শহর তপন। তরাই বেল্টের মধ্যেই ধরা হয়। ভৌগলিক অবস্থানের জন্য তপনের গুরুত্ব অপরিসীম। এই কেন্দ্রের পূর্বে রয়েছে বাংলাদেশ আর পশ্চিমে বিহার। এক সময়ে এই অঞ্চলে বামফ্রন্টই রাজত্ব করত। তবে সে সব এখন ইতিহাস।

    গত কয়েক বছর ধরেই উত্তরের এই কেন্দ্রে ধীরে ধীরে থাবা বসাচ্ছে বিজেপি। ২০২১-এ জিতেছিলেন পদ্মশিবিরের বুধরাই টুডু। তৃণমূলের কল্পনা কিস্কুকে ১৬৫০ ভোটে পরাজিত করেছিলেন তিনি। এ বারও তিনিই প্রার্থী। পানীয় জলের সমস্যা নিয়ে রাজ্যের শাসক দলের দিকে আঙুল তুলে বুধরাই বললেন, ‘আমাকে কাজ করতে দেওয়া হয়নি। তার পরেও যতটা সম্ভব করেছি। একমাত্র রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব।’

    তবে সমস্যা মেটাতে ২০১৬ সালে বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের শিলান্যাস করেছিল রাজ্য সরকার। কিন্তু অভিযোগ, কোনও অজানা কারণে সেই কাজ থমকে রয়েছে। জমিজট, রাস্তার সমস্যা ছিল। ধীরে ধীরে সে সব মিটেছে। কিন্তু প্রকল্পের কাজ আর ডানা মেলতে পারেনি।

    তপনের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টিউবওয়েলে জল ওঠে না। মার্ক টু টিউবওয়েল বা মার্শালই একমাত্র ভরসা। কিন্তু দাম অনেক। কোথাও সরকারি পিএইচই আবার কোথাও অন্যের মার্শাল বা পুকুরের জলের উপর নির্ভর করতে হয়। ভোট আসে ভোট যায়। তপনবাসীর জলের সমস্যা মেটে না।

    তপন কেন্দ্রে এ বার চিন্তামণি বিহাকে প্রার্থী করেছে তৃণমূল। তিনি জল সমস্যা মেটানোর আশ্বাস দিয়ে বলছেন, ‘প্রকল্পের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। তৃণমূল জিতলে বাকি কাজও দ্রুত শেষ হবে।’ গত পাঁচ বছরে এই বিধানসভায় কোনও উন্নয়নমূলক কাজ হয়নি বলে দাবি তাঁর। চিন্তামণির কথায়, ‘বিধায়ককে এলাকায় দেখা যায় না। যতটুকু কাজ হয়েছে, তৃণমূলই করেছে।’

    এক সময় তপন কেন্দ্রে রেভোলিউশনারি সোস্যালিস্ট পার্টি বা আরএসপি রাজত্ব করেছে। কংগ্রেস তো বটেই তৃণমূল জমানাতেও এই সিটে তাদের আধিপত্য ছিল। কোনও বছর হারলেও পরের বছরেই সিট পুনরুদ্ধারও করেছে তারা। এ বার বাপ্পাই হরোকে প্রার্থী করেছে আরএসপি। তিনি জলকষ্টের সঙ্গে রাস্তার সমস্যা রয়েছে বলেও অভিযোগ করেন। সে সব মেটানোর আশ্বাসও দেন। বাপ্পাই বলেন, ‘বিধানসভা জুড়েই তীব্র জল কষ্ট রয়েছে। পাশাপাশি অনেক রাস্তারই বেহাল দশা। বাম সরকার ক্ষমতায় এলে সব বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে। সঙ্গে মেরামত করা হবে রাস্তাও।’

  • Link to this news (এই সময়)