লখনউ: এবার আশাকর্মীর গাফিলতিতে এক সদ্যোজাতের মৃত্যুর অভিযোগ উঠল উত্তরপ্রদেশের বাসতি এলাকায়। সোমবার ৭ মাসের প্রসূতি প্রেমাদেবী স্বাস্থ্য পরীক্ষার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছিলেন। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই প্রসববেদনা শুরু হয় তাঁর।
অ্যাম্বুলেন্সে ছিলেন এক আশাকর্মী। প্রেমার অবস্থা দেখে নিজেই প্রসব করানোর সিদ্ধান্ত নেন তিনি। প্রথমে ব্যথা কমানোর ইঞ্জেকশন দেন। কিন্তু ফল হয় মারাত্মক। নবজাতকের মাথা রয়ে যায় গর্ভে। দেহ বেরিয়ে আসে। অ্যাম্বুলেন্সে ছিলেন প্রেমার স্বামীও। ঘটনার পর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রেমাকে। সেখানে জরুরি ভিত্তিতে অপারেশন করে সদ্যোজাতের মাথা বার করেন সেখানকার চিকিৎসকরা। ঘটনায় ওই আশাকর্মী ও অ্যাম্বুলেন্সে থাকা স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। প্রেমার অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা।