• এনসিইআরটির পাঠ্যসূচি তৈরিতে বেসরকারি সংস্থা
    বর্তমান | ১৫ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাঠ্য পুস্তকের সূচি তৈরিতেও এবার বেসরকারি উদ্যোগে ভরসা রাখতে হচ্ছে মোদি সরকারকে। এনসিইআরটির পাঠ্য বইকে কেন্দ্র করে নিয়মিতভাবেই বিতর্ক হচ্ছে। তাতে ক্রমাগত মুখ পুড়ছে সরকারের। এই পরিস্থিতিতে বিতর্ক ঠেকাতে এনসিইআরটির পাঠ্য সূচি তৈরিতে শিক্ষা সংক্রান্ত কোনো বেসরকারি সংস্থাকেই নিয়োগ করতে চাইছে কেন্দ্র। পাঠ্য বইয়ের সূচি এবং ‘কনটেক্সট’ তৈরির ক্ষেত্রে কীভাবে কোনো বেসরকারি সংস্থাকে কেন্দ্র নিয়োগ করতে পারে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। 

    সরকারের একটি সূত্রে দাবি করা হয়েছে, শীঘ্রই এব্যাপারে দরপত্র আহ্বান করা হতে পারে। অন্য একটি সরকারি সূত্র আবার জানিয়েছে, রীতিমতো ইন্টারভিউয়ের মাধ্যমে বেসরকারি সংস্থাকে নিয়োগ করা হবে। এক্ষেত্রে একটি নির্ধারিত সময়সীমা পর্যন্ত সরকার পক্ষের সঙ্গে চুক্তিবদ্ধ থাকবে বাছাই হওয়া ওই বেসরকারি সংস্থা। চুক্তির পরিমাণ হবে প্রায় সাড়ে সাত কোটি টাকা। সরকারি সূত্রে জানা যাচ্ছে, দরপত্র আহ্বান করে বরাত দেওয়া হোক কিংবা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য সংস্থা বাছাই, এহেন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত থাকবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘এডুকেশনাল কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড’ (ইডিসিআইএল)। তাদের মাধ্যমেই ওই বেসরকারি সংস্থা কাজ করবে।
  • Link to this news (বর্তমান)