তারক চক্রবর্তী, শিলিগুড়ি: পদ্মাপাড়ের দূরঅস্ত। ডায়মন্ড হারবারের ইলিশও এখনও পর্যন্ত শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে এসে পৌঁছয়নি। তবে কি নববর্ষে ইলিশ ছাড়াই ভূরিভোজ সারতে বাধ্য হবেন শিলিগুড়ি আপামর বাঙালি? বিক্রেতারা যদিও আশার বাণী শোনাচ্ছেন। তাঁদের দাবি, ডায়মন্ড হারবার বা পদ্মার ইলিশ না হোক, মুম্বই এবং বার্মার ইলিশেই এবারে সর্ষে ভাপা তৈরি হবে।
বাঙালির উৎসব মানেই ভূরিভোজ। সেই তালিকায় ইলিশ থাকবে না, তা কি হয়? মুম্বই ও বার্মার ইলিশ বর্তমানে বাজার কাঁপাচ্ছে। সাধারণত ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের এই ইলিশ শিলিগুড়ির রেগুলেটেড মার্কেট থেকে বিক্রি হচ্ছে পাইকারি ৮০০ থেকে ৮৫০ টাকা দরে। সাধারণ বাজারে এই মাছের দর বেড়ে যাচ্ছে ৯৫০ টাকা পর্যন্ত। এর থেকে একটু বেশি ওজনের ৭০০ থেকে ৮০০ গ্রাম ইলিশ বিকোচ্ছে পাইকারি হাজার টাকা দরে।