• দর বেশি থাকলেও নববর্ষে চাই ইলিশ
    বর্তমান | ১৫ এপ্রিল ২০২৬
  • তারক চক্রবর্তী, শিলিগুড়ি: পদ্মাপাড়ের দূরঅস্ত। ডায়মন্ড হারবারের ইলিশও এখনও পর্যন্ত শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে এসে পৌঁছয়নি। তবে কি নববর্ষে ইলিশ ছাড়াই ভূরিভোজ সারতে বাধ্য হবেন শিলিগুড়ি আপামর বাঙালি? বিক্রেতারা যদিও আশার বাণী শোনাচ্ছেন। তাঁদের দাবি, ডায়মন্ড হারবার বা পদ্মার ইলিশ না হোক, মুম্বই এবং বার্মার ইলিশেই এবারে সর্ষে ভাপা তৈরি হবে। যদিও দাম কতটা নাগালের মধ্যে থাকবে তা নিয়ে অবশ্যই প্রশ্ন রয়েছে। 

    বাঙালির উৎসব মানেই ভূরিভোজ। সেই তালিকায় ইলিশ থাকবে না, তা কি হয়? তবে শিলিগুড়ির বাজারে এখনও পর্যন্ত দেখা মেলেনি পদ্মা বা ডায়মন্ড হারবারের ইলিশের। বরঞ্চ মুম্বই ও বার্মার ইলিশ বর্তমানে বাজার কাঁপাচ্ছে। সাধারণত ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের এই ইলিশ শিলিগুড়ির রেগুলেটেড মার্কেট থেকে বিক্রি হচ্ছে পাইকারি ৮০০ থেকে ৮৫০ টাকা দরে। সাধারণ বাজারে এই মাছের দর বেড়ে যাচ্ছে ৯৫০ টাকা পর্যন্ত। এর থেকে একটু বেশি ওজনের ৭০০ থেকে ৮০০ গ্রাম ইলিশ বিকোচ্ছে পাইকারি হাজার টাকা দরে। যা সাধারণ বাজারে যেতেই ক্রেতাদের হাতে পৌঁছেছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা দরে। আপাতত বার্মা থেকে এক থেকে শুরু করে সোয়া কেজির ইলিশ আসছে। পাইকারি বাজারে সেগুলি এই মুহূর্তে দেড় হাজার থেকে ১ হাজার ৬০০ টাকা দরে বিকচ্ছে। 

    বিক্রেতাদের দাবি, ডায়মন্ড হারবারের ইলিশ আসতে এখনও প্রায় একমাস সময় লেগে যাবে। তবে ওই ইলিশ আসা শুরু করলে দরে ফারাক থাকবেই। তাঁদের আরও দাবি, আজ, বুধবার থেকে দর কিছুটা হলেও বাড়বে। ইলিশ মাছের চাহিদা নববর্ষে আরও বেড়ে যাবে। কাজেই চাহিদা অনুযায়ী দর বাড়বে। বিক্রেতারা জানিয়েছেন, সারা বছর ফ্রিজে রাখা ইলিশ মাছ পাওয়া গেলেও বরাবরই কাঁচা ইলিশ মাছের চাহিদা বাজারে থাকে। সেই চাহিদা মেটাতে এবারে কিছুটা হলেও শিলিগুড়ির বাজারে তাঁরা হোঁচট খাচ্ছেন। ব্যবসায়ীদের একাংশের মতে, নববর্ষ উপলক্ষে ইলিশ মাছ পাতে থাকতেই হবে। পরিবারের সকলের সঙ্গে এই মাছ উপভোগ করতে কে না চায়? তাই দর যাই হোক বাঙালির উৎসবে ইলিশ অবশ্যই ঠাঁই নেবে পাতে। 

    এ বিষয়ে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট ব্যবসায়ীদের সংগঠনের সদস্য বাপি চৌধুরী বলেন, সারা বছর ফ্রিজে রাখা ইলিশ মাছ বাজারে পাওয়া গেলেও বরাবর শহর চাহিদার শীর্ষে থাকে কাঁচা মাছ। তবে এখনও ডায়মন্ড হারবার বা পদ্মার ইলিশ এসে পৌঁছয়নি। মুম্বই এবং বার্মার ইলিশ রয়েছে ৮০০ থেকে শুরু করে ১ হাজার ৬০০ টাকা দামের। 

    শিলিগুড়ি গেট বাজারের মৎস্য ব্যবসায়ী রাজু দাস বলেন, নববর্ষে ইলিশ মাছের চাহিদা বরাবরই থাকে। বর্তমানে মুম্বইয়ের ইলিশ মানুষ কিনছেন। স্বাদে গন্ধে এই ইলিশ যথেষ্ট আকর্ষণীয়।

    শিলিগুড়ির হায়দরপাড়ার বাসিন্দা বাসুদেব বণিক বলেন, নববর্ষে পান্তা ভাতে ইলিশের কথা কে না জানে? আমরা পরিবারের তরফে প্রতি বছরই নববর্ষের সময়ে ইলিশ মাছ খেয়ে থাকি। মাঝেমধ্যে দর বেশি হয়। তবুও ইলিশ মাছ বাংলার নতুন বছরে পাতে পড়বেই।
  • Link to this news (বর্তমান)