• পাগলারহাট কালীমন্দিরে পুজো দিয়ে দিন শুরু করেন এলাকার বাসিন্দারা
    বর্তমান | ১৫ এপ্রিল ২০২৬
  • বাবুল সরকার, কুমারগ্রাম: আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ঐতিহ্যবাহী পাগলারহাট কালীমন্দিরের দেবী জাগ্রত। এখানে মানত করে পূরণ হয় মনস্কামনা। এই বিশ্বাস নিয়ে দূরদূরান্ত থেকে ভক্তরা মায়ের মন্দিরে আসেন। বাংলা নতুন বছরের প্রথম দিনটি মা কালীর মন্দিরে পুজো দিয়েই শুরু করেন বহু মানুষ। উত্তরবঙ্গ ও নিম্ন অসমের বিভিন্ন স্থান থেকে আসা মানুষ এখানে ভিড় জমান। প্রতি বছরের মতো এবছরও তার ব্যতিক্রম হয়নি। নতুন বস্ত্র পরিধান করে ভক্তরা মন্দিরে এসে পুজো দেন বছরের প্রথম দিন।

    পাগলারহাট কালীমন্দির কমিটির তরফে জানানো হয়েছে, ঠিক কত বছর আগে এই মন্দিরে পুজোর সূচনা হয়েছিল, তা তাঁদেরও জানা নেই। তবে প্রবীণরা বলে থাকেন, ৩০০ বছরের বেশি সময় আগে মন্দিরের প্রতিষ্ঠা হয়। গত মার্চ মাসে ওই মন্দিরের নবনির্মিত পরিকাঠামোর উদ্বোধন হয়েছে।

    উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা ছাড়াও নিম্ন অসমের কোকরাঝাড়, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া, ধুবড়ি, বরপেটা জেলা থেকেও বহু মানুষ বছরের প্রথম দিন এখানে পুজো দেন। সারা বছরই মন্দিরে পুজো অনুষ্ঠিত হয়। পয়লা বৈশাখ ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো। প্রতি বছর কালীপুজোতে এখানে ধুমধামে পুজো ও মেলা অনুষ্ঠিত হয়। কিন্তু বাংলা নতুন বছরের প্রথমদিন পয়লা বৈশাখে মায়ের প্রতি অগাধ বিশ্বাসে ভক্তরা ভিড় জমান পু্জো দিতে।

    কুমারগ্রাম ব্লকের বারোবিশার বাসিন্দা দেবাশিস দেববর্মন বলেন, এই মন্দিরের কালী মা জাগ্রত। এখানে মানত করলে মনস্কামনা পূরণ হয়। সেই লক্ষ্যেই বহু মানুষ এখানে আসেন বছরের প্রথম দিন। স্থানীয় বাসিন্দা কল্যাণ সূত্রধর বলেন, আমরা দীর্ঘদিন ধরেই দেখে আসছি পয়লা বৈশাখে কালীমন্দিরে ব্যাপক ভিড় হয়। খুবই নিয়ম-নিষ্ঠা সহকারে এখানে পুজো হয়।

    পাগলারহাট কালীমন্দির কমিটির অন্যতম কর্মকর্তা তরুণকুমার দাস বলেন, আমাদের মন্দিরে নিত্যপুজো করা হয় এবং প্রসাদ বিলি করা হয়। বছরের প্রথমদিন দলে দলে মানুষ আসন। মায়ের প্রতি ভক্তি থেকেই দূরদূরান্ত থেকেও ভক্তরা পয়লা বৈশাখে এখানে আসেন। সাধারণ মানুষ, ব্যবসায়ী থেকে শুরু করে অনেকেই বছরের প্রথমদিন মায়ের পুজো দেন। মন্দিরে সকাল থেকেই ভিড় জমে। পুজো এবং প্রসাদ বিলি না হওয়া পর্যন্ত এই ভিড় থাকে। • পাগলারহাট কালীমন্দির। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)