• বিনিয়োগের টাকা ফেরত চেয়ে প্রযোজককে অপহরণ, ধৃত দুই
    বর্তমান | ১৫ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিনেমা করার প্রতিশ্রুতি দিয়ে দুই ব্যবসায়ীর কাছে টাকা নিয়েছিলেন প্রযোজক। তারপরেও তিনি সিনেমা তৈরি করেননি বলে অভিযোগ। এই টাকা ফেরতের বিষয়ে আলোচনার জন্য দুই বিনিয়োগকারী প্রযোজককে ডেকে পাঠান। এরপর তাঁকে দু’জনে অপহরণ করে বলে অভিযোগ। প্রযোজকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আকাশ গুপ্তা ও অজয় পালকে গ্রেপ্তার করেছে কসবা থানা।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, কসবা এলাকার বাসিন্দা দুই ব্যবসায়ী সিনেমায় টাকা খাটাবে বলে প্রযোজক খুঁজছিলেন। এই সময় অভিযোগকারীর সঙ্গে তাদের পরিচয় হয়। কথায় কথায় তিনি জানান, টলিউডে একাধিক সিনেমা তৈরি করেছেন। বেশকিছু ছবির নামও বলেন। তাতে আশ্বস্ত হয় দুজন। এরপর তিনি তাদের কাছ থেকে ধাপে ধাপে ৮৮ লক্ষ টাকা নেন বলে অভিযোগ। ছ’মাসের বেশি সময় কেটে গেলেও সিনেমা তৈরি হয়নি। মুভি রিলিজ না করায় দুই ব্যবসায়ী জানতে চান, কেন ছবি রিলিজ হচ্ছে না। প্রযোজক জানান, কিছু টেকনিক্যাল সমস্যার কারণে মুভি তৈরি হলেও তা রিলিজ হয়নি। তারপর আরও কিছুদিন কেটে যায়। কিন্তু ছবি রিলিজ না হওয়ায় আকাশ ও অজয় তাঁর কাছ থেকে টাকা চান। অভিযোগ, টাকা ফেরত দিচ্ছিলেন না তিনি। সেই কারণে শুক্রবার তারা তাঁকে কসবা এলাকায় একটি মলের সামনে আসতে বলে ওই দুই ব্যবসায়ী। প্রযোজক পুলিশের কাছে অভিযোগ করেছেন, এরপর তাঁকে গাড়িতে তুলে খেয়াদহ এলাকায় নিয়ে যায় আকাশ ও অজয়। গাড়িতে আটকে রেখে টাকা চাওয়া হয়। তিনি তাদের হাত থেকে কোনোক্রমে পালিয়ে আসেন। এমনকি তাঁর কাছ থেকে জোর করে টাকা কেড়ে নেওয়া হয়। মারধর পর্যন্ত করে তারা। তিনি কসবা থানায় অভিযোগ করলে অপহরণের মামলা রুজু করে দুজনকে গ্রেপ্তার করা হয়।  
  • Link to this news (বর্তমান)