নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বাচন কমিশন বাংলা পক্ষকে আজ, পয়লা বৈশাখের সকালে সাংস্কৃতিক শোভাযাত্রার অনুমতি দিল না। বউবাজারের ব্যাংক অব ইন্ডিয়া মোড় থেকে বের হয়ে ওই শোভাযাত্রা শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। এই ইস্যুতে নির্বাচন কমিশন জানিয়েছে, সুবিধা অ্যাপে ‘আগে এলে আগে পাবেন ভিত্তিতে’ রাজনৈতিক দল সহ গণ সংগঠনকে মিছিল-মিটিং-শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়। এই কাজ কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে করে থাকে। এখানে মানুষের কোনও হাত নেই। আমরা নিশ্চিত, ওই দিন ওই তল্লাটে কোনও মিছিল মিটিং আগে থেকেও আবেদন করা ছিল। তাই বাংলা পক্ষের আবেদন বাতিল হয়েছে। যদিও বাংলা পক্ষের কর্ণধার গর্গ চট্টোপাধ্যায়ের অভিযোগ, ‘প্রতি বারের মতো এবারও পয়লা বৈশাখের শোভাযাত্রার জন্য কমিশন পরিচালিত সুবিধা অ্যাপে আবেদন করা হয়েছিল। কিন্তু কোনো কারণ না দেখিয়েই সেই আবেদন বাতিল করেছে কমিশন। সূত্র মারফত খবর আছে, পয়লা বৈশাখের দিন শহরের ওই এলাকায় কোনো রাজনৈতিক দল বা অন্য সংগঠনের মিটিং-মিছিল নেই। এই কমিশন বাংলা বিদ্বেষী, বাংলা সংস্কৃতি বিরোধী। এটা বাঙালির সংস্কৃতির উপর আঘাত। বাঙালির পয়লা বৈশাখ নয়, হিন্দি নববর্ষ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে।’ উল্লেখ্য, প্রতিবারই পয়লা বৈশাখের দিন বাংলা পক্ষ বাংলার কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরতে এই বিশেষ শোভাযাত্রার আয়োজন করে থাকে। কিন্তু এবার ভোটের আবহে এই কমিশনের অনুমতি না মেলায় সেই অনুষ্ঠান ভেস্তে গেলে।