• পান্তা-টক ডাল-মাছ ভাত এবং ওআরএস, সাবধানে দৈনিক মেনু বেছে নিচ্ছেন প্রার্থীরা
    বর্তমান | ১৫ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: গরম বেড়েই চলেছে। সঙ্গে প্রচারের মাত্রাও চড়ছে। দিনভর ঘোরাঘুরি। রোদ মাথায় হাঁটাহাঁটি। প্রার্থী ক্লান্ত। এ অবস্থায় খাওয়াদাওয়ার একটু এদিক ওদিক হলেই সর্বনাশ। ফলে খুব সাবধানে মেনু ঠিক করছেন প্রার্থীরা। ডাবের জল, ফল, টক ডাল, পান্তা ভাত, টক দই এবং ওআরএস, মোটামুটি এই হল দৈনিক খাদ্যতালিকা।

    যেমন প্রবীণ নেতা বিমান বন্দ্যোপাধ্যায়। বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিমান সকালে বেরচ্ছেন। গ্রামে গ্রামে  প্রচার করছেন। শরীর ঠিক রাখতে ডাবের জল আর রসালো ধরনের ফল খাচ্ছেনই খাচ্ছেন। আর ঢোঁক দিচ্ছেন ওআরএসে। দুপুরে বারুইপুরের অফিসে ফিরে ভাত, ডাল, তরকারি, মাছ, টক দই আর সামান্য চাটনি। তিনি বলেন, ‘ওআরএস আর ডাব ক্লান্তি দুর করে। টক দই, চাটনি শরীরের জন্য উপকারী। তবে মাংস এখন নৈব নৈব চ।’ জয়নগর বিধানসভার সিপিএম প্রার্থী বয়সে তরুণ অপূর্ব প্রামাণিকের আবার ঠিক উল্টো থিয়োরি। তিনি বলেন, ‘মাংস তো পাতে থাকছেই। তবে বেশি নয়।’ অপূর্ব সকালে মুড়ি, ঘুগনি আর ডিম সেদ্ধ খাচ্ছেন। প্রচারের সময় কলা, শসা, আর দুপুরে মাছ, ভাত, ডাল, মাংস।

    জয়নগরের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ দাস প্রচারে পায়ে হেঁটে ঘোরাঘুরিকে গুরুত্ব দিচ্ছেন। খাওয়া একেবারে নিয়ম মেনে। তিনি বলেন, ‘সকাল ও বিকালে ওআরএস মাস্ট। আর খাচ্ছি চিঁড়ে, খই, টক দই দিয়ে মেখে। ডিম সিদ্ধও খাচ্ছি। দুপুরে চিঁড়ে, শসা ও ফল। ভাত আর মাছের ঝোল রাতে বাড়ি ফিরে। মাংস একেবারেই নয়।’ রায়দিঘির সিপিএম প্রার্থী সাম্য গঙ্গোপাধ্যায় বয়সে নবীন। তিনি বলেন, ‘ওআরএসের বদলে নুন, লেবুর জল। লাঞ্চে ডাল, তরকারি, টক দই।’ বারুইপুর পূর্বের তৃণমূল প্রার্থী বিভাস সরদার বলেন,‘ওআরএস আছেই। সকালে চিঁড়ে, দই। প্রচারে বেরিয়ে তরমুজ, শসা ইত্যাদি। দুপুরে ভাত আর মাছের ঝোল। এতেই শরীর ঠিক থাকছে।’ এই কেন্দ্রের বিজেপি প্রার্থীও নবীন। নাম টুম্পা সরদার। তিনিও সকালে চিঁড়ে-দই খাচ্ছেন। ওআরএসে চুমুক দিচ্ছেন। দুপুরে গ্রামে কোনো কর্মীর বাড়ি গিয়ে ভাত, ডাল, মাছ আর টক দই খাচ্ছেন।’ একই তালিকা মন্দিরবাজারের বিজেপি প্রার্থী মল্লিকা পাইকেরও।

    তিনি বলেন, ‘ওআরএস ও নুন, লেবুর জল খেতেই হয়।’ এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজনীতিতে অভিজ্ঞ জয়দেব হালদার সকালে শুধু চা খান। তারপর প্রচারে বেরন। তারপর দুপুরে কোনো কর্মীর বাড়ি যা আয়োজন হয় তাই খান। ভাত, ডিম, মাছ যা হয় তাই খান। তিনি বলেন, ‘পান্তা খেয়ে গ্রামে ঘুরে রাজনীতি করা মানুষ আমি। এখন অবশ্য পান্তা চলে না।’  ডাবের জলে গলা ভেজাচ্ছেন তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)