হারানো কেন্দ্র উদ্ধারের চেষ্টা প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল
বর্তমান | ১৫ এপ্রিল ২০২৬
সংবাদদাতা, কল্যাণী: প্রচারের ঝাঁঝ বাড়ছে চাকদহে। হারানো জমি পুনরুদ্ধারকে পাখির চোখ করে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস। ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শুভঙ্কর সিংহ (যীশু) বিভিন্ন এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছেন। মানুষের মন বুঝে প্রচারের কৌশল সাজাচ্ছে শাসকদল। গত বিধানসভা নির্বাচনে চাকদহে কেন্দ্রে বিজেপির দাপট থাকায় পিছিয়ে পড়া জমি পুনরুদ্ধারের লড়াইয়ে নেমেছে জোড়াফুল শিবির। সাম্প্রতিক এসআইআরের বিষয়কে সামনে রেখে সেই লড়াই আরও তীব্র করেছে তারা। বিশেষ করে মতুয়া প্রধান বিস্তীর্ণ এলাকায় বহু মানুষের নাম তালিকা থেকে বাদ পড়ায় সেই ইস্যুকে প্রচারের হাতিয়ার করেছে তৃণমূল। অন্যদিকে, বিজেপিও এই আসন ধরে রাখতে কোমর বেঁধে নেমেছে। গত বিধানসভা ও লোকসভা নির্বাচনের সাফল্যকে পাথেয় করে সংগঠনকে আরও শক্তিশালী করতে তাদের প্রার্থী অর্থাৎ গতবারের বিধায়ক বঙ্কিম ঘোষ জোরদার প্রচার চালাচ্ছেন। এই বিষয়ে শুভঙ্কর সিংহ (যীশু) বলেন, বিজেপিকে নির্বাচিত করে মানুষ ভুল বুঝতে পেরেছেন। এই নির্বাচনে মানুষের ভালোবাসা ও আশীর্বাদ তৃণমূল কংগ্রেস পাবে। অন্যদিকে, বিজেপি প্রার্থী বঙ্কিম ঘোষ বলেন, চাকদহের মানুষের সমর্থন বিজেপির সঙ্গে রয়েছে। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মানুষ এবারেও জবাব দেবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একসময় এই কেন্দ্র ছিল বামেদের শক্ত ঘাঁটি। পরবর্তী সময়ে তা তৃণমূলের দখলে এলেও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে চাকদহ কেন্দ্রটি দখল করে বিজেপি। এরপর থেকে এলাকায় নিজেদের প্রভাব বজায় রাখতে এবং সংগঠনকে মজবুত করতে তৎপর হয়ে ওঠে তারা। পরিসংখ্যান বলছে, চাকদহ বিধানসভা কেন্দ্রে গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ১১ হাজার ৬৮০ ভোটে বিজেপি থেকে পিছিয়ে থাকে তৃণমূল। ২০২৪-এর লোকসভা নির্বাচনেও ২৩ হাজার ৭২০ ভোটে বিজেপির কাছে পিছিয়ে থাকে তারা। এখন দেখার হারানো সেই জমি পুনরুদ্ধার করতে পারে কি না তৃণমূল।