• দমদম উত্তরে ‘লাল বৈশাখী’, খড়দহে সহস্র কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, নববর্ষে বিজেপির বিরুদ্ধে বাঙালি অস্মিতায় শান বামেদের
    বর্তমান | ১৫ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পয়লা বৈশাখ বাংলা নববর্ষ। সে দিনটিকে সামনে রেখে বাঙালি অস্মিতায় শান দিতে চাইছে সিপিএম। বামপ্রার্থীরা বছরের প্রথম দিন বিভিন্ন এলাকায় শোভাযাত্রার আয়োজন করেছেন। নেতারা বলছেন, ‘বাম ছাত্র-যুবরা বাংলার ঐতিহ্য রক্ষায় এবং বঙ্গ সংস্কৃতি রক্ষায় নিরন্তর কাজ করে থাকেন। বিজেপি বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির উপর আক্রমণ নামিয়ে এনেছে। তারই বিরুদ্ধে হবে প্রতিবাদ।

    দমদম উত্তরের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরের সমর্থনে মহাজাতি থেকে নিমতা পর্যন্ত মিছিল হবে। সে শোভাযাত্রার নাম, ‘লাল বৈশাখী’। খড়দহের সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাসের সমর্থনে হবে পদযাত্রা। সেখানে সহস্র কণ্ঠে রবীন্দ্রনাথের গান গাওয়া হবে। এছাড়াও বিভিন্ন এলাকায় নাগরিক সমাজের মিছিল হবে বলেও জানা গিয়েছে। সিপিএম প্রার্থীরা উপস্থিত থাকবেন সেখানে। বালিগঞ্জের সিপিএম প্রার্থী আফরিন বেগম এমনই একটি পদযাত্রার আয়োজন করছেন।

    রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, তৃণমূলের মতোই বিজেপির বিরুদ্ধে বাঙালি অস্মিতায় শান দিতে চাইছে সিপিএম। কসবার সিপিএম প্রার্থী দীপু দাস বলেন, ‘বামেদের কাছে এটা নতুন কিছু না। আমরা বহুদিন ধরেই এই ধরনের কর্মসূচি করে আসছি। ছাত্র-যুবরা বাংলার সংস্কৃতি উদযাপন করেন। বিজেপি কেন্দ্রীয় সরকারে আসার পর বাংলার সুমহান সংস্কৃতির উপর আক্রমণ নেমে এসেছে। এই আক্রমণ আরও বাড়ছে। তাই বেশি করে এই ধরনের কর্মসূচি গ্রহণ করা দরকার।’ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গত লোকসভা নির্বাচনে ভোট প্রচারের মধ্যেই পড়েছিল নববর্ষ ও কবিগুরুর জন্মদিন। সেদিনও একাধিক বামপ্রার্থী বাংলা নববর্ষ উদযাপন করেছিলেন। বামেরা সর্বোতভাবে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করতে বদ্ধপরিকর।
  • Link to this news (বর্তমান)