• দিল্লির রোহিণীতে বিধ্বংসী আগুন, শিশু কন্যা-সহ মৃত ২
    এই সময় | ১৫ এপ্রিল ২০২৬
  • বুধবার ভোররাতে দিল্লির রোহিণী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মাঙ্গেরাম পার্ক এলাকার একটি ঝুপড়ি বস্তিতে আগুন লেগে যায় বলে খবর। ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে স্বামী-স্ত্রী এবং তাঁদের একটি ছোট্ট কন্যা সন্তানও রয়েছে।

    জানা গিয়েছে, রাত দেড়টা নাগাদ উত্তর দিল্লির রোহিণীর সেক্টর ১৬ এলাকার একটি গুদামে আগুন লেগে যায়। প্রচুর দাহ্য বস্তু থাকার কারণে মুহূর্তের মধ্যে পাশের ঝুপড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছয়টি ইঞ্জিন। কিন্তু সঙ্কীর্ণ গলি হওয়ায় ঢুকতে পারেনি দমকলের গাড়ি।

    দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হয়। তবে আগুনের তীব্রতার কারণে তিনজনকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকেই তাদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পাঠানো হয়েছে।

    প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একটি প্রায় ৪০০ বর্গগজের জায়গায় প্লাস্টিকের স্ক্র্যাপ বা আবর্জনা জমা করে রাখা হয়েছিল, সেই জায়গাতেই একাধিক ঝুপড়ি ঘরও তৈরি হয়েছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

    সরু গলি এবং ঘনবসতি হওয়ায় দমকল বাহিনীর কাজ ব্যাহত হয়। বড় দমকল ইঞ্জিন সরাসরি ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় আগুন নেভাতে যথেষ্ট সমস্যা হয়। ঘটনাস্থলে দমকল বিভাগ, স্থানীয় পুলিশ, সেন্ট্রালাইজড অ্যাকসিডেন্ট অ্যান্ড ট্রমা সার্ভিস (CATS) এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। চলছে উদ্ধার ও ত্রাণকাজ।

    তবে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

  • Link to this news (এই সময়)