• Breaking News Live: বিহারে আজ দুই উপ মুখ্যমন্ত্রী শপথ নিতে পারেন
    এই সময় | ১৫ এপ্রিল ২০২৬
  • বিহারে মুখ্যমন্ত্রী হিসেবে আজ, বুধবার শপথ নেবেন সম্রাট চৌধুরী। পড়শি রাজ্যে দু'জন উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। সূত্রের খবর, জেডি (ইউ)-এর বিজয়কুমার চৌধুরী এবং বিজেন্দ্রপ্রসাদ যাদব। বিজেন্দ্রপ্রসাদ বিহারের শক্তিমন্ত্রী। বিজয়কুমার বিহারের জলসম্পদমন্ত্রী।

    বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার শপথ নেবেন সম্রাট চৌধুরী। দুপুর দেড়টা নাগাদ হবে শপথ গ্রহণের অনুষ্ঠান।

    ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো ৬ তীর্থযাত্রীর। মঙ্গলবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের হিম্মতপুরা এলাকার কাছে মোরিন্দা-চুন্নি হাইওয়েতে। এই ঘটনায় ৬ তীর্থযাত্রীর মৃত্যুর পাশাপাশি ২১ জন আহত হয়েছেন বলেও খবর। পুলিশ জানিয়েছে, বাসটির যান্ত্রিক গোলযোগ ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গিয়েছিল। ঘটনার তদন্ত করছে পুলিশ।

    মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে মেট্রোর নির্মাণ কাজ চলাকালীন বড়সড় দুর্ঘটনা ঘটে। একটি বিম পিলারের উপর বসানোর সময়ে উপর থেকে ভেঙে পড়ে। এই ঘটনায় বিম তোলার কাজে ব্যবহৃত মোবাইল ক্রেনটিও উল্টে যায়।

    মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে এক পড়ুয়ার মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে ওডিশার ময়ূরভঞ্জ জেলার এক আবাসিক বিদ্যালয়ে। পঞ্চম শ্রেণির ওই পড়ুয়ার মৃত্যুর পাশাপাশি আরও শতাধিক পড়ুয়ার অসুস্থ হয়ে যাওয়ার খবর মিলেছে। কাকাবন্ধ আশ্রম স্কুল নামে ওই সরকারি বিদ্যালয়ের এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ওডিশার মুখ্যমন্ত্রী।

    গরমের প্রবল দাপট থেকে কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন বঙ্গবাসী। বুধবার বিকেল থেকে রাজ্যে কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দুই ২৪ পরগনার  একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বুধবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে।

  • Link to this news (এই সময়)