• ‘শীঘ্রই মানুষগুলোর তালিকা সামনে আনব...’, সোশ্যাল মিডিয়া নিয়ে বড় সিদ্ধান্ত অপরাজিতার
    এই সময় | ১৫ এপ্রিল ২০২৬
  • সোশ্যাল মিডিয়া এখন অন্যতম বিচারসভা। কে কী করল, কী বলল, কোনও অনুষ্ঠানে কতটা কাঁদল, কেমন পোশাক পরল, সব নিয়েই চলতে থাকে তুল্যমূল্য আলোচনা। কেউ কেউ প্রতিবাদও করেন। যা নজর এড়ায়নি অপরাজিতা আঢ্যর। অভিনেত্রী বলেন, ‘অনেকদিন ধরেই দেখছি, সমাজমাধ্যমে একটা ভয়ঙ্কর অসুখ ছড়িয়ে পড়েছে। মানুষ যা খুশি তাই বলছে, বিশেষ করে কমেন্ট সেকশনে। এতটাই নোংরা, এতটাই নির্মম যে আমি নিজের কমেন্ট সেকশন বন্ধ করে রাখতে বাধ্য হয়েছি। আমি সত্যিই জানি না এরা কারা। কিন্তু একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এরা মানুষ হতে পারে না।’

    একঝাঁক উদাহরণও তুলে ধরেছেন অপরাজিতা। সম্প্রতি রাহুলের শেষযাত্রায় প্রিয়াঙ্কাকে কাঁদতে না দেখা থেকে শুরু করে তাঁর কাজে ফেরা প্রসঙ্গও তুলেছেন অপরাজিতা। তিনি লিখেছেন, ‘একজন মানুষ কখনও অসুস্থ মায়ের ছবি দেখে লিখতে পারে না, ‘কী কুৎসিত দেখতে।’ একজন মানুষ কখনও স্বামীহারা নারী কাজে ফিরলে বলতে পারে না, ‘শ্রাদ্ধ হয়নি, এখনই কাজে ফিরল?’ এগুলো মতামত নয়। এগুলো মানসিক নির্যাতন। মানসিক হিংসা। আমি একে একটাই নাম দিই, Mental Violence বা Mental Rape।’

    এমন নোংরা মানসিকতা তাদের সন্তানদের কী শেখাচ্ছে এই বিষয়টাও ভাবাচ্ছে অপরাজিতাকে। তাই অভিনেত্রীর মতে, ‘যারা এ ভাবে মানুষকে অপমান করে, তারা নিজের জীবনে কোনও দিন সম্মান পায়নি। আর তাই অন্যকে অসম্মান করাটাই এদের কাছে সহজ। কিন্তু এটা আর ‘ignore’ করার বিষয় নয়। এই ধরনের মন্তব্য একজন মানুষকে ডিপ্রেশনের দিকে ঠেলে দেয়। অনেক ক্ষেত্রে সুইসাইডের দিকে পৌঁছে দেয়। এটা শুধু ‘Online behaviour’ নয়। এটা সমাজকে ভিতর থেকে নষ্ট করছে।’

    ভারতীয় আইনের আওতায় এই ধরনের অপরাধের কী শাস্তি হতে পারে, সেই তালিকাও তুলে ধরেন অপরাজিতা। কমেন্টে যা খুশি বললে আইনগত জবাবদিহিও করতে হবে। তবে এখানেই থামেননি অপরাজিতা। তিনি সরাসরি কথা ফেসবুক, ইনস্টাগ্রামের কাছে দাবি করেছেন, ‘যারা নিয়মিত এই ধরনের নোংরা, অপমানজনক, আক্রমণাত্মক মন্তব্য করে তাদের অ্যাকাউন্ট পুরোপুরি ব্যান করা হোক। কঠোর অ্যাকশন নেওয়া হোক। কঠোর নিয়ম চালু করা হোক। শুধু ব্যবসার জন্য টক্সিক কিছু করা বন্ধ করুন। আমি এত দিন চুপ ছিলাম। কারণ, আমার রুচিতে বাধে। কিন্তু আজ একটা কথা পরিষ্কার, চুপ থাকা মানে আর সম্মান নয়, চুপ থাকা মানে এই নোংরামিকে সুযোগ করে দেওয়া। আমি খুব শীঘ্রই সেই মানুষগুলোর তালিকা সামনে আনব। যারা নিয়মিত এই ধরনের অসভ্যতা করে।’
  • Link to this news (এই সময়)