২৫ লক্ষ ভারতীয়কে দারিদ্রের মুখে ঠেলতে পারে পশ্চিম এশিয়ার যুদ্ধ!
বর্তমান | ১৫ এপ্রিল ২০২৬
নয়াদিল্লি: ভারতের প্রায় ২৫ লক্ষ মানুষকে দারিদ্রসীমার নীচে ঠেলে দেবে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি। সম্প্রতি এমনটাই উঠে এসেছে ইউনাইটেড নেশনস ডেভলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) একটি সমীক্ষায়। রাষ্ট্রসংঘের রিপোর্টে বলা হয়েছে, ‘জ্বালানি, পরিবহণ ও আমদানির খরচ বৃদ্ধির জেরে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস পাবে। যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়বে সরকারি বাজেটে। সংকটে পড়বে জীবন-জীবিকাও।’ যুদ্ধের জেরে বাড়ছে অশোধিত তেলের দাম। সেইসঙ্গে টাকার দামও তলানিতে। ফলে আমদানি খরচ বৃদ্ধি পাওয়ায় চড়া মূদ্রাস্ফীতির অশনি সংকেত দেখা গিয়েছে। এই আশঙ্কার প্রতিফলনই এই রিপোর্টে পড়েছে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার প্রকাশিত প্রাথমিক সমীক্ষায় দেখা গিয়েছে গোটা বিশ্বজুড়ে প্রায় ৮৮ লক্ষ মানুষ যুদ্ধের কারণে দারিদ্রের শিকার হবে। যার সবচেয়ে বেশি প্রভাব পড়বে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। ভারতে এই সংখ্যা হতে পারে চার লক্ষ থেকে ২৫ লক্ষ। পড়শি দেশ চীনে দরিদ্রসীমার নীচে চলে যাবে প্রায় ৬ লক্ষ ২০ হাজার মানুষ।
যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়বে জ্বালানিতেও। হরমুজ থেকে তেল রপ্তানি সীমিত হওয়ার ফলে ভারত, থাইল্যান্ড, ফিলিপিন্স, ভিয়েতনামের মতো বহু দেশে কয়লার ব্যবহার উল্লেখযোগ্য হারে বাড়বে। অন্যদিকে পশ্চিম এশিয়া থেকে আমদানি করা সারের উপর নির্ভরশীল ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার বহু দেশ। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে এই দেশগুলিতে খাদ্য উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।