শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: রাত পোহালেই নববর্ষ। রাজ্য়বাসীকে শুভেচ্ছা জানালেন রাজ্যপাল রাজ্যপাল আর এন রবি। তাঁর বার্তা, 'আসুন, আমাদের বীর শহীদ ও স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নের 'সোনার বাংলা' গড়ে তুলতে আমরা আজ পুনরায় অঙ্গীকারবদ্ধ হই।
ভোটমুখী বাংলায় অস্থায়ী রাজ্যপালের দায়িত্ব সামলাচ্ছেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি। সিভি আনন্দ বোসের ইস্তফার পর শপথ নিয়েছেন তিনি। নববর্ষের প্রাক্কালে এক বিবৃতিতে রাজ্যপাল বলেছেন, 'পয়লা বৈশাখের এই পুণ্য লগ্নে পশ্চিমবঙ্গের আমার প্রিয় ভাই ও বোনেদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই প্রাণবন্ত উৎসব বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, সুগভীর পরম্পরা এবং অদম্য চেতনাকে প্রতিফলিত করে। আগামী নতুন বছর প্রতিটি পরিবারে সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি বহন করে আনুক'।
এর আগে, বাংলার অস্থায়ী রাজ্যপাল হিসেবে যেদিন শপথ নিয়েছিলেন আর এন রবি, সেদিন রাজভবনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। শপথ গ্রহণের পর রীতিমাফিক নবনিযুক্ত রাজ্যপাল ও তাঁর স্ত্রী-র সঙ্গে আলাপচারিতাও সারেন তিনি। বার্তা দেন, 'বাংলার মানুষ তাদের ভালোবাসে, যারা বাংলাকে ভালোবাসে'।এরপর দিন কয়েক আগেই রাজভবনে দিয়ে রাজ্যপালের সঙ্গ দেখা করেন মুখ্যমন্ত্রী। এক ঘণ্টা বৈঠক হয় দু'জনের।