• স্কুল বন্ধ রেখে শিক্ষকদের নিয়ে শাসকদলের মিটিং, নালিশ বিজেপির
    এই সময় | ১৫ এপ্রিল ২০২৬
  • এই সময়, লাভপুর: নির্বাচনী বিধি ভেঙে শিক্ষকদের নিয়ে সরকারি ভবনে বৈঠক করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শিক্ষকদের মধ্যে অনেকেই স্কুল বন্ধ রেখে ওই মিটিংয়ে যোগ দিয়েছেন বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুরের ফুল্লরা মন্দির সংলগ্ন উপাসনা গৃহে।

    সোমবার দুপুরে তৃণমূল লাভপুর ব্লকের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বৈঠক ডাকে, যেখানে হাইস্কুলের কিছু শিক্ষকও ছিলেন। ওই শিক্ষকদের অধিকাংশই ভোটকর্মী। বৈঠকে ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী। খবর পেয়ে সদলবলে সেখানে পৌঁঁছন লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা।

    দেবাশিসের অভিযোগ, 'নির্বাচনী বিধি লঙ্ঘন করে সরকারি ভবনে স্কুল বন্ধ রেখে ওই মিটিং ডাকা হয়। কী ভাবে ভোট করতে হবে, কী ভাবে পোস্টাল ভোট দিতে হবে সেই ট্রেনিং তাঁদের দেওয়া হচ্ছিল।'

    এ নিয়ে তৃণমূল নেতা তরুণ চক্রবর্তীকে একাধিকবার ফোন করা হলে তিনি ধরেননি। তবে লাভপুরের তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ বলেন, 'উপাসনা গৃহটি ধর্মীয় স্থান। সেই হিসেবে শিক্ষকরা নিজেরাই বসেছিলেন। আমাদের দলের কোনও মিটিং হয়নি। তরুণ ওখানে মন্দির কমিটির সভাপতি হিসেবে ছিলেন। বিজেপির কর্মী–সমর্থকরা স্কুল শিক্ষকদের হেনস্থা করেছেন।'

    জেলা স্কুলবোর্ডের চেয়ারম্যান প্রলয় নায়েক বলেন, 'স্কুল বন্ধ রেখে শিক্ষকদের মিটিংয়ে যোগ দেওয়া অনৈতিক। লাভপুরে কী হয়েছে খোঁজ নিয়ে দেখছি।' বিডিও শিশুতোষ প্রামাণিকের কথায়, 'অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করা হবে।'

  • Link to this news (এই সময়)