আজকাল ওয়েবডেস্ক: জয়নগরে নববর্ষের প্রথম দিনেই শোকের ছায়া। বেপরোয়া গতিতে ছুটে আসা একটি সবজি বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। তার কিছুক্ষণের মধ্যেই নাতির মৃত্যুসংবাদ সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন এক বৃদ্ধা। জোড়া মৃত্যুর ঘটনায় রীতিমত স্তম্ভিত গোটা এলাকা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত ব্যাজরা মোল্লাঘাটি এলাকায় ভোররাতে এই দুর্ঘটনাটি ঘটে। মৃত দুই যুবকের নাম সুভাষ মন্ডল (৩৫) এবং বিকি মন্ডল (২২)। তাঁরা দু’জনেই একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে রাস্তার পাশে বাইক দাঁড় করিয়ে কিছুক্ষণ কথাবার্তা বলছিলেন তাঁরা। সেই সময়েই আচমকা জয়নগরের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি সবজি বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের সজোরে ধাক্কা মারে।
ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই ছিটকে পড়েন দুই যুবক। স্থানীয় মানুষ দ্রুত ছুটে এসে তাঁদের উদ্ধার করে জয়নগর ১ নম্বর ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতাল হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকরা পরীক্ষা করে তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।
দুর্ঘটনার পরপরই গাড়ির চালক ঘটনাস্থল থেকে চম্পট দেয়। খবর পেয়ে জয়নগর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
অন্যদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়। হাসপাতালে ছুটে আসেন মৃত বিকি মন্ডলের পরিবারের সদস্যরা। নাতির মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েন তাঁর ঠাকুমা মলিনা মন্ডল (৬০)। শোক সামলাতে না পেরে আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই মৃত্যু হয় তাঁর। একই দিনে নাতি ও ঠাকুমার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক।
নববর্ষের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়। এই হৃদয়বিদারক ঘটনার জেরে এলাকায় সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই রাস্তায় প্রায়ই বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁরা দ্রুত কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়।