• কলকাতায় পয়লা বৈশাখের শোভাযাত্রার অনুমতি দেয়নি নির্বাচন কমিশন, অভিযোগ বাংলা পক্ষের
    আজ তক | ১৫ এপ্রিল ২০২৬
  • কলকাতায় পয়লা বৈশাখের শোভাযাত্রার অনুমতি দেয়নি নির্বাচন কমিশন। অভিযোগ বাংলা পক্ষের। তাদের দাবি, এই অনুমতি না দেওয়া আসলে বাঙালির গৌরব ও সংস্কৃতির উপর আঘাত। কমিশন অনুমতি না দিলেও দক্ষিণ কলকাতায় আজ বুধবার সন্ধে নাগাদ শোভাযাত্রা বের করা হবে বলেও জানানো হয়েছে সংগঠনের তরফে। 

    এই বিষয়ে নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, বর্তমানে আদর্শ আচরণবিধি বলবৎ থাকায় অনুমতিহীন জমায়েতকে অবৈধ হিসেবে গণ্য করা হবে। এদিকে শোভাযাত্রা করতে নাছোড়বান্দা বাংলা পক্ষ। সেই সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বলেন, 'গত পাঁচ বছর ধরে আমরা পয়লা বৈশাখের মিছিল করছি, যেখানে হাজার হাজার মানুষ অংশ নেয়। বুধবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় আমরা মিছিল করবই।' 

    ওই সংগঠনের আরও অভিযোগ, এর আগে উত্তর কলকাতায় মিছিল করার আবেদন করা হলেও তা খারিজ করে দেয় নির্বাচন কমিশন। পাশাপাশি দক্ষিণ কলকাতার মিছিলের অনুমতিও দেওয়া হয়নি। 

    গর্গ চট্টোপাধ্যায় নির্বাচন কমিশনের নির্দেশের বিরোধিতা করে বলেন, 'এটি বাঙালি পরিচয় ও সংস্কৃতির উপর সরাসরি আঘাত। পশ্চিমবঙ্গে এমন ঘটনা আগে ঘটেনি। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার আগে পূর্ব পাকিস্তানে এমন নিষেধাজ্ঞার নজির ছিল। বাঙালিদের নববর্ষ উদ্‌যাপন আটকানোর অধিকার কারও নেই। থাকা উচিত নয়। আমরা রাসবিহারী মোড় থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল করব।'

    তিনি উল্লেখ করেন, 'নেতাজি, চিত্তরঞ্জন দাশ, রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজি নজরুল ইসলামের বাংলায় যদি নববর্ষ উদ্‌যাপন অপরাধ হয়, তাহলে আমরা সেই অপরাধী হতে গর্ববোধ করি।'

    নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ ছুড়ে গর্গ চট্টোপাধ্য়ায় বলেন,'সন্ধ্যার মিছিল থামিয়ে দেখাক কমিশন। প্রকাশ্যে নববর্ষ উদ্‌যাপন আমাদের জন্মগত অধিকার। বাঙালিদের নিজস্ব বর্ষপঞ্জি রয়েছে। যা বিশ্বে খুব কম জাতিরই তা আছে। কমিশন যা খুশি করুক, বাঙালিরা সবকিছুর জন্য প্রস্তুত।' 
  • Link to this news (আজ তক)