নববর্ষে শুভেচ্ছা মোদীর, খোলা চিঠিতে তৃণমূলকে আক্রমণ
দৈনিক স্টেটসম্যান | ১৫ এপ্রিল ২০২৬
বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যমে শুভেচ্ছাবার্তা দেওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষের উদ্দেশে একটি খোলা চিঠিও লেখেন তিনি। সেই চিঠিতে রাজ্যের শাসক দলকে আক্রমণ করে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বাংলা ও ইংরেজি— দুই ভাষাতেই পয়লা বৈশাখের শুভেচ্ছা জানান মোদী। তাঁর বার্তায় উঠে আসে ভ্রাতৃত্বের কথা। তিনি বলেন, ‘আনন্দ ও ভ্রাতৃত্বের চেতনা সদা বিরাজমান থাকুক।’ নতুন বছরে সকলের সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন প্রধানমন্ত্রী।
পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রশংসা করে মোদী উল্লেখ করেন, এই রাজ্যের কালজয়ী সাংস্কৃতিক ঐতিহ্য ভারতীয় সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাঁর শেয়ার করা ছবিতেও বাঙালির নববর্ষ উদ্যাপনের বিভিন্ন মুহূর্ত ধরা পড়ে।
তবে শুভেচ্ছাবার্তার পরেই খোলা চিঠিতে রাজনৈতিক সুর স্পষ্ট হয়। সেখানে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ‘গত ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গ অপশাসন, বিশৃঙ্খলা ও দুর্নীতির শিকার।’ তাঁর মতে, এই পরিস্থিতি সাধারণ মানুষের অধিকার ও সম্মানের উপর আঘাত হেনেছে।
মোদীর দাবি, রাজ্যে ‘ভয়ের পরিবেশ’ তৈরি হয়েছে। তিনি জানান, পশ্চিমবঙ্গবাসীর ‘দুঃখ-বেদনা’ দেখে তিনি ‘ভারাক্রান্ত’। একই সঙ্গে আশ্বাস দেন, বিজেপি সরকার গঠিত হলে কর্মসংস্থান বৃদ্ধি এবং মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
শেষে তিনি রাজ্যবাসীর উদ্দেশে আবেদন জানান, ‘গণতন্ত্রের উৎসবে ভয়মুক্ত হয়ে ভোট দিন।’
অন্য দিকে, একই দিনে নববর্ষের বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-ও রাজনৈতিক সুরে কেন্দ্রকে আক্রমণ করেন। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলার পাশাপাশি তিনিও গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণের আহ্বান জানান।