• খারাপ আবহাওয়ায় দার্জিলিংয়ে পৌঁছতে পারলেন না অমিত শাহ
    দৈনিক স্টেটসম্যান | ১৫ এপ্রিল ২০২৬
  • প্রতিকূল আবহাওয়ার জেরে দার্জিলিংয়ের লেবংয়ে নির্ধারিত জনসভায় পৌঁছতে পারলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাগডোগরায় বিমান নামার পর হেলিকপ্টার ওড়ার অনুমতি না মেলায় শেষ পর্যন্ত মালদহে চলে যান তিনি। সেখান থেকেই সাত মিনিটের ভিডিয়োবার্তার মাধ্যমে জনসভায় বক্তব্য রাখেন।

    দার্জিলিং ও কার্শিয়াং বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে ওই সভা করার কথা ছিল শাহের। সভাস্থলে যেতে না পারলেও ভিডিয়োবার্তায় তিনি জানান, আগামী ২১ এপ্রিল শুকনায় তিনি প্রচারে আসবেন। ভিডিয়োবার্তায় রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, ‘আমি সারা রাজ্য ঘুরে দেখেছি, এ বার এখানে বিজেপি সরকার গঠিত হতে চলেছে।’ তিনি আরও বলেন, বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ হবে, সিন্ডিকেট রাজ শেষ হবে এবং গুন্ডারাজের অবসান ঘটবে।

    গোর্খা সমস্যার প্রসঙ্গ তুলে শাহ বলেন, ‘গোর্খাদের সমস্যা নিশ্চিতভাবে সমাধান করা হবে।’ তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি একাধিকবার এই সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু রাজ্য সরকারের সহযোগিতা না পাওয়ায় তা এগোয়নি। শাহের অভিযোগ, ‘দেড় বছরে তিন বার বৈঠকের প্রস্তাব দেওয়া হলেও মুখ্যমন্ত্রী বা তাঁর কোনও প্রতিনিধি দিল্লিতে যাননি।’ এমনকি পশ্চিমবঙ্গে এসে বৈঠকের প্রস্তাব দিলেও সময় মেলেনি বলে দাবি তাঁর।

    তিনি আরও বলেন, ‘মমতা চান না দার্জিলিংয়ের গোর্খারা ন্যায় ও অধিকার পাক।’ একই সঙ্গে প্রতিশ্রুতি দেন, বিজেপি সরকার গঠিত হলে গোর্খাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহার করা হবে। এই পরিস্থিতিতে পাহাড়ের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল শাহের এই বক্তব্যে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)