• আসন পুনর্বিন্যাসে রাজ্যের অধিকার লঙ্ঘন বরদাস্ত নয়, মোদির বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা স্ট্যালিনের
    প্রতিদিন | ১৫ এপ্রিল ২০২৬
  • লোকসভার আসন পুনর্বিন্যাসের মাধ্যমে দক্ষিণ ভারতের রাজ্যগুলির অধিকার খর্ব করতে পারে বিজেপি। বহুদিন আগে থেকেই এই আশঙ্কা প্রকাশ করে আসছে দক্ষিণ ভারতের রাজনৈতিক দলগুলি। এবার সেই ইস্যু নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একপ্রকার ‘যুদ্ধ’ ঘোষণা করে দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন।

    আসন পুনর্বিন্যাস নিয়ে এবার সরাসরি হুঁশিয়ারি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের। রাজ্যগুলির সঙ্গে আলোচনা না করে, বুলডোজার নীতিতে কেন্দ্রীয় সরকার সংবিধান সংশোধন করতে চাইছে বলে অভিযোগ তুললেন তিনি। স্ট্যালিন জানিয়েছেন, দেশের দক্ষিণের রাজ্যগুলি তো বটেই, অন্য কোনও রাজ্যের স্বার্থ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বিরাট আন্দোলনে নামবেন তাঁরা। এ ব্যাপারে অন্য বিরোধী রাজনৈতিক দলগুলিও একমত বলে জানিয়েছেন স্ট্যালিন।

    ১৬ থেকে ১৮ এপ্রিল সংসদে বিশেষ অধিবেশন হতে চলেছে, যেখানে লোকসভার পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংশোধনী বিলটি পাস করাতে উদ্যোগী কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। সেই নিয়ে ইতিমধ্যেই সরব হতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। কেন্দ্রের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ১৬ এপ্রিল কালা দিবসের ডাক দিয়েছেন স্ট্যালিন। তিনি ১৬ এপ্রিল তামিলনাড়ুর সব বাড়ি এবং সরকারি অফিসে কালো পতাকা ওড়ানোর আহ্বান জানিয়েছেন।

    সব ঠিক থাকলে খুব তাড়াতাড়িই লোকসভার আসনের পুনর্বিন্যাস করবে কেন্দ্র। নতুন অধিবেশনের আগেই ইঙ্গিত দিয়েছে সরকার। কংগ্রেস তথা অন্য বিরোধীদের আশঙ্কা, ক্ষমতাকে ব্যবহার করে নিজেদের সুবিধামতো আসন পুনর্বিন্যাস করে নেবে বিজেপি। আসলে জনসংখ্যার ভিত্তিতে যদি নতুন আসন বণ্টন করা হয় তাহলে দক্ষিণ ভারত বা পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলির তুলনায় গোবলয়ের রাজ্যগুলিতে আসন সংখ্যা অনেক বেড়ে যাবে।
  • Link to this news (প্রতিদিন)