• রাজ্যসভায় রাঘবের পরিবর্ত, পাঞ্জাবের সেই আপ সাংসদের বিশ্ববিদ্যালয়ে হানা ইডির
    প্রতিদিন | ১৫ এপ্রিল ২০২৬
  • সংঘাতের জেরে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে সরিয়ে দিয়েছে আম আদমি পার্টি (AAP)। তাঁর জায়গায় আনা হয়েছে অশোক মিত্তালকে (Ashok Mittal)। এবার পাঞ্জাবের সেই আপ সাংসদের মালিকাধীন একটি বিশ্ববিদ্যালয়ে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED Raids)। অভিযোগ উঠেছে, বিদেশি মুদ্রা আইন লঙ্ঘন করেছেন অশোক।

    বছর ৬১-র মিত্তাল একজন ব্যবসায়ী এবং একাধারে শিক্ষাবিদ। সম্প্রতি রাঘবের জায়গায় তাঁকে রাজ্যসভার সাংসদ করেছে আপ। ‘লাভলি গ্রুপ’ নামে এক সংস্থার প্রধান অশোক। তাঁর মালিকাধীন বিশ্ববিদ্যালয়টির নাম ‘লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয়’। বুধবার সকালে সেখানেই হানা দেয় ইডি। ইডি সূত্রের খবর, আর্থিক তছরূপের অভিযোগে এই অভিযান চালানো হয়েছে। একইসঙ্গে জলন্ধর, ফাগওয়ারা-সহ পাঞ্জাব ও গুরুগ্রাম জুড়ে মোট ৮ থেকে ৯টি স্থানেও তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এই অভিযানে অশোক এবং তাঁর পরিবারের সঙ্গে সম্পর্কিত ব্যবসায়িক প্রতিষ্ঠান, সম্পত্তি এবং একটি খামারবাড়ি অন্তর্ভুক্ত ছিল।

    ইডির এই অভিযানের পরই ফুঁসে উঠেছে আপ। তাদের অভিযোগ, পাঞ্জাবে নির্বাচনের আগে বিরোধী নেতাদের লক্ষ্যবস্তু করতে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে নরেন্দ্র মোদি সরকার। আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেন, “পাঞ্জাবে নির্বাচনের আগে বিজেপি তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। রাজ্যের মানুষ এর জাবাব দেবেন।”
  • Link to this news (প্রতিদিন)