• প্রথম দফার ভোটে ৪০ হাজারেরও বেশি রাজ্য পুলিশ, কোন জেলায় মোতায়েন কত?
    প্রতিদিন | ১৫ এপ্রিল ২০২৬
  • রেকর্ড সংখ্যক বাহিনীই নয়, ভোটের দায়িত্বে থাকবে রাজ্য পুলিশও। প্রথম দফার ভোটে কত রাজ্য পুলিশ মোতায়েন থাকবে, তা জানিয়ে দিল নির্বাচন কমিশন। কোন জেলায় কত পুলিশ কর্মী ও আধিকারিককে দায়িত্ব দেওয়া হবে, তাও জানানো হয়েছে কমিশনের তরফে। কমিশনের হিসাব বলছে, বাংলায় প্রথম দফার ভোটে ৪০ হাজার ৯২৮ জন রাজ্য পুলিশ মোতায়েন করা হবে। সবচেয়ে বেশি রাজ্য পুলিশ থাকবে মুর্শিদাবাদ জেলাতেই। তবে কেন্দ্রীয় বাহিনীর তুলনায় এর সঙ্গে অনেক কম।

    প্রথম দফায় উত্তরবঙ্গের সব জেলাতেই নির্বাচন। সেই অনুযায়ী উত্তরবঙ্গের জেলায় কোথায় কত পুলিশ মোতায়েন থাকবে, তা জানিয়ে দিয়েছে কমিশন। জানা গিয়েছে, দার্জিলিঙে ১১৭০ জন, কালিম্পঙে ৬২৭ জন, আলিপুরদুয়ারে ১১৫৯ জন, জলপাইগুড়িতে ১৪৬৭ জন, কোচবিহারে ২৩৭০ জন, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে ১২৯০ জন ও মালদহে ২৮১৮ জন পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

    কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, মুর্শিদাবাদকে দু’ভাগে পুলিশ মোতায়েন করা হয়েছে। মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর পুলিশ জেলায় যথাক্রমে ৪ হাজার ২১৬ ও ১ হাজার ৫৫০ জন পুলিশ থাকবেন ভোটের দায়িত্বে। মুর্শিদাবাদের মতো উত্তর দিনাজপুরকেও পুলিশ জেলা হিসাবে দু’ভাগে ভাগ করেছে কমিশন। ইসলামপুর এবং রায়গঞ্জ পুলিশ জেলায় যথাক্রমে ১ হাজার ১১৯ জন ও ১ হাজার ৪ জন পুলিশকর্মী থাকছেন।

    প্রথম দফা নির্বাচনে রয়েছে জঙ্গলমহলের আসনগুলিও। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার পাশাপাশি বীরভূমে ভোট হবে এই দফায়। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ঝাড়গ্রামে ১১০৮ জন, পুরুলিয়া ৩০০৫ জন, বাঁকুড়া ৩১২৭ জন এবং বীরভূমে ৩২৪৮ জন রাজ্য পুলিশ ভোটের দায়িত্বে থাকছেন। পাশাপাশি, ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে। এই তিন জেলায় যথাক্রমে ৩৯৮১ জন, ৩৩২৭ জন ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ৩১২৭ জন পুলিশ মোতায়েন করবে কমিশন। প্রথম দফা ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও তথ্য দেওয়া হয়েছে কমিশনের তরফে। তাতে দেখা গিয়েছে, মুর্শিদাবাদে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী ভোটের সময় মোতায়েন হচ্ছে। প্রথম দফায় মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে রাজ্যে।
  • Link to this news (প্রতিদিন)