নিউটাউন শহরের কোটি টাকার আবাসনের বাসিন্দাদের এবার ভোট (West Bengal Assembly Election) দিতে বাড়ির বাইরে পা রাখতে হবে না। শহরের অভিজাত শ্রেণির জন্য এই প্রথম আবাসনের ভিতরেই ভোটকেন্দ্র গড়ে উঠেছে। এই বিধাননসভা নির্বাচনে ‘স্মার্ট’ শহরের বহুতল হাইরাইজের মধ্যে গড়ে উঠেছে ৫টি ভোটগ্রহণ কেন্দ্র। সব মিলিয়ে নয়া বুথের ভোটার সংখ্যা ৩ হাজারেরও অধিক।
শহর, গ্রামীণ ও এনকেডিএ এলাকা নিয়ে গঠিত রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্র। গত ২০২৪ বারাসত লোকসভা কেন্দ্র অধীনস্থ নিউটাউন বিধানসভায় মাত্র ১টি বুথ বিন্যাস হয়েছিল। নতুন বুথ তৈরির পাশাপাশি একটি ভোটগ্রহণ কেন্দ্রও বাড়ে। সেটি হল শহরের অন্যতম প্রাচীন বলাকা আবাসনের ৩০৯ পার্টে। ফলে তৎকালীন এই বিধানসভায়
৩১৫টি বুথ বেড়ে হয় ৩১৬টি। এবার বিধানসভা ভোটে নিউটাউন শহরে একধাক্কায় আরও ৪টি বুথ বেড়ে হয়েছে ৩২০টি। স্বভাবতই নয়া ৪টি বুথে ভোটগ্রহণ কেন্দ্রও তৈরি হয়েছে। সেগুলি সবই বহুতল হাইরাইজের ভিতরে। যার মধ্যে রয়েছে- নিউটাউন অ্যাকশন এরিয়া ৩-এর ‘ইউনিওয়ার্ল্ড সিটি’।
সেখানে ৩১৭ ও ৩১৮ নম্বর পার্টে পৃথক দু’টি ভোটগ্রহণ কেন্দ্র তৈরি হয়েছে। এই দুই পার্টে ভোটার সংখ্যা প্রায় ১৩০০ কাছাকাছি। এই আবাসনের পাশেই ‘রোজডেল’ আবাসন। সেখানে ৩১৯ নম্বর পার্টে প্রায় ১৫০টি ভোটার রয়েছে। এরই অদূরে ‘সুখবৃষ্টি’ আবাসন। নিউটাউন শহরের বৃহত্তর এই আবাসনের মধ্যে তৈরি হয়েছে সর্বশেষ ৩২০ নম্বর পার্টের ভোটগ্রহণ কেন্দ্র। এখানে মোট ভোটার সংখ্যা ৬৭৭টি। এবার প্রথম ভোট (West Bengal Assembly Election) দিতে আবাসনের বাইরে বেরোতে হবে না, ভেবে স্বস্তির নিশ্বাস ফেলছেন আবাসনের বাসিন্দারা। তাঁদের বক্তব্য, গত বিধাননসভা, গ্রাম পঞ্চায়েত ও লোকসভা- প্রতিটি ভোটে পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েত পাথরঘাটা, জ্যাংড়া-হাতিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে ভোটগ্রহণ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে স্থানীয় নেতৃত্বদের নানা চোখরাঙানি হজম করতে হয়েছিল। এবার থেকে সেই ভীতি দূর হয়েছে।
তবে হঠাৎ এই বুথ বিন্যাস ও ভোটগ্রহণ কেন্দ্র তৈরিতে কমিশনের একতরফা সিদ্ধান্তে প্রশ্ন তুলছে শাসক তৃণমূল কংগ্রেস। রাজারহাট (টাউন) তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি শেখ আলাউদ্দিনের অভিযোগ, “এত কম সংখ্যক ভোটার নিয়ে ভোটগ্রহণ কেন্দ্র অভাবনীয়। বুথ বিন্যাস করতে গেলে স্থানীয় স্তরে সর্বদলীয় বৈঠক হয়। কিন্তু এবারে সে নিয়ম ও আলোচনা ছাড়াই বুথ বিন্যাস করেছে কমিশন।” রাজারহাট নিউটাউনের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রবিউল মল্লিকের দাবি, অবাঙালি এলাকা বেছে বেছে পরিকল্পনা মাফিক আবাসনের ভিতরে বুথ তৈরি করেছে কমিশন। যদিও কমিশন সূত্রে খবর, নিয়ম মেনেই বুথ বিন্যাস হয়েছে।