এক জওয়ানের অস্বাভাবিক মৃত্যু ফলতায় (Falta)। সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যুর আশঙ্কা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার দোস্তিপুর এলাকায়। মৃত ওই জওয়ানের নাম কনক কোচ। তিনি অসমের বাসিন্দা ছিলেন। ITBP ব্যাটালিয়নের হেড কনস্টেবল ছিলেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর।
স্থানীয় সূত্রে খবর, দোস্তিপুর হাইস্কুলে ITBP-র ৮৬ জন জওয়ান রয়েছেন। তাঁরা ভোটের ডিউটিতে এসেছেন বলেই স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার রাতে খাওয়াদাওয়া সেরে সকলেই ঘুমিয়ে পড়েন। মাঝে এক জওয়ান শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বেরোন। তিনিই কনককে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন।
তড়িঘড়ি অন্য জওয়ানরা তাঁকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য দেহ ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে।