• ‘...কোনও দিন বিনিয়োগ আসবে না’, বাংলায় এসে মন্তব্য অর্থমন্ত্রী নির্মলার
    এই সময় | ১৬ এপ্রিল ২০২৬
  • বাংলা থেকে যত দিন না সিন্ডিকেট রাজ বিদায় হচ্ছে, তত দিন শিল্পে বিনিয়োগ আসবে না। ভোটের প্রচারের আবহে রাজ্যে এসে এই কথা বলে তৃণমূলকে বিঁধলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাঁর অভিযোগ, বাম আমলে যে ভাবে রাজ্য চলত, তৃণমূলের আমলেও তা বদলায়নি। কমিউনিস্টরা যে ভাবে রাজ্য চালাতেন, তৃণমূলও একই ভাবেই রাজ্য চালাচ্ছে।

    বুধবার পূর্ব বর্ধমানের কালনায় তাঁত শিল্পীদের একটি সম্মেলনের আয়োজন করেছিল বিজেপি। সেখানে প্রধান বক্তা ছিলেন নির্মলা। ওই সম্মেলনে বক্তৃতার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রের টাকা আটকে দিচ্ছে। বঞ্চিত পশ্চিমবঙ্গের চা শ্রমিকেরাও। ওঁদের মতো গরিব মানুষদের জন্য মোদী সরকার ৩-৪ বছর ধরে অনেক টাকা বরাদ্দ করেছে। একই ব্যবস্থা অসম সরকারের জন্যও করা হয়েছিল। তারা চা শ্রমিকদের জন্য স্কুল, ঘর, হাসপাতাল করেছে। ওঁদের অ্যাকাউন্টে টাকাও পাঠিয়েছে। কিন্তু তৃণমূল সরকার চা শ্রমিকদের উন্নতি চায় না।’

    নির্মলার প্রতিশ্রুতি, ‘রাজ্যে বিজেপির সরকার এলে রোজগার মিলবে। গরিবদের দেখভাল করা হবে। সিন্ডিকেট রাজ বন্ধ হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বদলাবে।’ তাঁত শিল্পেও বাংলার অবনতি হয়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী। স্থানীয় তাঁত শিল্পীদের বাড়িও গিয়েছেন তিনি। হস্তচালিত তাঁত কী ভাবে বোনা হয়, তা দেখেছেন।

    ভোটের আবহে বাংলায় এলেও সরাসরি ভোটের প্রচারে অংশ নেননি নির্মলা। দলের কোনও জনসভায় বক্তৃতাও করেননি। তবে দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন। স্থানীয় এক বিজেপি কর্মীর বাড়িতেও মধ্যাহ্নভোজ সেরেছেন অর্থমন্ত্রী। তার পর সেখান থেকে তিনি দিল্লির উদ্দেশে রওনা দেন।

  • Link to this news (এই সময়)