• BJP পার্টি অফিসের কাছে ‘মাতৃশক্তি ভরসা কার্ড’-এর ফর্ম বিক্রির অভিযোগ, আটক এক
    এই সময় | ১৬ এপ্রিল ২০২৬
  • তৃণমূল কংগ্রেসের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পকে টেক্কা দিতে ইস্তেহারে মাসিক ৩০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। বুধবার আনুষ্ঠানিক ভাবে ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ উন্মোচন করা হয় বিজেপির তরফে। বুধবার সন্ধ্যায় সেই কার্ডের ফর্ম বিক্রি করার অভিযোগ বাগদায়। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

    জানা গিয়েছে, বাগদা বিধানসভায় বিজেপি প্রার্থীর কার্যালয়ের বিপরীতে একটি ফটো কপির দোকানে এই ফর্ম বিক্রি করা হচ্ছিল। ওই জেরক্সের দোকান থেকে উদ্ধার হয় বেশ কিছু ফর্ম ও মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্ট, ফোন নম্বর। ওই দোকানের মালিক কানাইলাল দাসকে আটক করে বাগদা থানায় নিয়ে যায় পুলিশ। টাকার বিনিময়ে ভোট কেনার চক্রান্ত বলে দাবি করে তৃণমূল।

    তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের অভিযোগ, ‘নির্বাচনের মধ্যে টাকার প্রলোভন দেখিয়ে বিজেপি ভোট কেনার চেষ্টা করছে। আমরা বাগদা বিডিও, এআরও কাছে অভিযোগ করেছি। নির্বাচনের মধ্যে এরকম ফর্ম বিলি নির্বাচনের নিয়মবিধি ভঙ্গ করা হচ্ছে।’

    যদিও এ বিষয়ে বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ ঘোষ বলেন, ‘মহিলা মোর্চার পক্ষ থেকে নির্বাচনের পরে যে যে সুবিধা দেওয়া হবে মহিলাদের সেই কার্ড দেওয়া হচ্ছিল। যাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে তাকে ছাড়ানোর জন্য আমরা থানায় যাব।’

  • Link to this news (এই সময়)