• ‘এ সব গাড়ি-ফাড়ি…’, কেন্দ্রীয় বাহিনীর বুলেটপ্রুফ যান দেখে কী বললেন অনুব্রত?
    এই সময় | ১৬ এপ্রিল ২০২৬
  • বিশেষ সাঁজোয়া গাড়ি বা ‘বুলেটপ্রুফ’ যান ঘুরছে রাস্তায়। বাংলার ভোটচিত্রে যে দৃশ্য বিরল। দিনহাটায় ঘুরতে দেখা গিয়েছিল এই গাড়িকে। বুধবার সেই গাড়ির দেখা মিলল বীরভূমের রাস্তাতেও। জেলার দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের নজরেও এসেছে সেই চিত্র। কী প্রতিক্রিয়া তাঁর? সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল বলেন, ‘বোলপুরের প্রায় ৫৫ হাজার ভোটে জিতবে তৃণমূল। বিজেপির তো লোকজন নেই। ওদের তো মিডিয়া আছে, ওরা পুলিশকে ভয় দেখাচ্ছে।’

    কাশ্মীরে ব্যবহৃত এই গাড়ি কি বাড়তি নিরাপত্তা যোগ করবে এ বারের ভোটে? অনুব্রত বলেন, ‘ইলামবাজারে দেখলাম কী সব গাড়ি এসেছে, সাঁজোয়া না ফাজোয়া গাড়ি। বাবার জীবনে দেখিনি। এখানে তো ছোটখাটো যুদ্ধ হতে পারে ভারতের সঙ্গে আমেরিকার। তার জন্যই এনেছে বোধহয়।’ এর পরেই তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ হচ্ছে রয়েল বেঙ্গল টাইগারের জায়গা। রয়েল বেঙ্গল টাইগার কী ভাবে ঝাঁপাতে হয় সেটা জানে। এসব গাড়ি-ফাড়ি সব টাইগারে খেয়ে নেবে।’

    বীরভূম জুড়ে অনুব্রত মণ্ডলের ‘ভোট করানোর’ অভ্যাস দীর্ঘদিনের। গত কয়েকটি নির্বাচনে তাঁকে নজরবন্দি করে রাখার ব্যবস্থাও করেছে নির্বাচন কমিশন। ২৪-এর লোকসভা নির্বাচনের সময়ে অনুব্রত জেলবন্দি ছিলেন। এ বারের নির্বাচনেও অনুব্রত’র কি সেই প্রভাব দেখা যাবে? তা নিয়ে আলোচনা রয়েছে। ২৬-এর নির্বাচনের আগে অনুব্রতকে তথাকথিত ‘বিতর্কিত’ মন্তব্য করতে শোনা যায়নি। সেই ধারা বুধবার কিছুটা ভঙ্গ করলেন অনুব্রত বলেই ধারণা রাজনৈতিক মহলে।

    তবে অশান্তি ও বিশৃঙ্খলার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করছে কমিশন। রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী রাখার পাশাপাশি এই ধরনের বুলেট প্রুফ সাঁজোয়া গাড়ির (সিআরপিএফ-এর বুলেট প্রুফ গাড়ি) ব্যবস্থা করা হয়েছে। সেই গাড়ি নিয়েই এ দিন ইলামবাজারে রুট মার্চ করতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে। যা দেখতে ভিড় জমিয়েছিলেন শয়ে শয়ে মানুষ। তার পাশে দাঁড়িয়ে তোলেন সেলফিও।

  • Link to this news (এই সময়)