আজকাল ওয়েবডেস্ক: বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা অব্যাহত। জানা গিয়েছে, ভোট দেওয়ার জন্য ওড়িশা থেকে বাড়ি ফিরছিলেন মালদার হরিশ্চন্দ্রপুরের বেশ কিছু পরিযায়ী শ্রমিক। কিন্তু তাদের আটক করেছে ওড়িশা পুলিশ।
জানা গিয়েছে, ১৭ জন পরিযায়ী শ্রমিককে আটক করা হয়েছে। শ্রমিকদের পরিবারের অভিযোগ, বাংলাদেশি সন্দেহে তাদের আটক করা হয়েছে। বাংলা ভাষায় ওই শ্রমিকরা কথা বলছিলেন বলেই এই হেনস্থা বলে দাবি পরিবারগুলির।
প্রসঙ্গত, ২৩ এপ্রিল মালদায় ভোট রয়েছে। ভোট দেওয়ার জন্যই ওই শ্রমিকরা বাড়ি ফিরছিলেন। কিন্তু তাদের আটক করেছে ওড়িশা পুলিশ। তারা ভোট দিতে পারবেন কিনা এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এটা ঘটনা, ভিনরাজ্যে বিশেষত বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে বারবার গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আন্দোলনও করেছেন তিনি। কিন্তু ভোটের আগে ফের একই অবস্থা দেখা গেল।
এই ঘটনায় তৃণমূলের দাবি, গোটা বিষয়ের নেপথ্যে বিজেপির রাজনীতি রয়েছে। বিজেপিশাসিত ওড়িশা সরকারকে কাঠগড়ায় তুলে এলাকায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে রাজ্যের শাসকদল। অন্যদিকে, বিজেপির দাবি, নিশ্চয়ই কোনও খুঁত ধরতে পেরেছে পুলিশ–প্রশাসন।
প্রসঙ্গত, হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বৈরাট এলাকার পাঁচ জন–সহ পাশাপাশি কয়েকটি গ্রাম মিলিয়ে মোট ১৭ জন ওড়িশার বেলাগুঠা এলাকায় কাপড় এবং বিভিন্ন সামগ্রী ফেরি করে বেড়াতেন। ভোটের জন্য তাঁরা বাড়ি ফিরছিলেন। তখনই বাধা আসে বলে অভিযোগ।
অন্যদিকে, নির্বাচন কমিশন বুধবার প্রথম দফার নির্বাচনের জন্য ভোটার ইনফরমেশন স্লিপ (ভিআইএস) বিলি করার সময় বেঁধে দিল। বুধবার কমিশন জানিয়েছে, আগামী শনিবারের মধ্যেই প্রথম দফার ভোটের সমস্ত স্লিপ বিলি করে ফেলতে হবে। ভোটগ্রহণের অন্তত পাঁচ দিন আগে ভোটাররা যেন স্লিপ হাতে পান, তা নিশ্চিত করবেন বিএলও–রা। এই স্লিপের মধ্যে বিশেষ কিউআর কোডও থাকবে।
২৩ এপ্রিল পশ্চিমবঙ্গের ১৫২ কেন্দ্রে হবে ভোটগ্রহণ। তার পাঁচ দিন আগে শনিবার, ১৮ এপ্রিলের মধ্যে বিএলও–দের সংশ্লিষ্ট কেন্দ্রে স্লিপ বিলির কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।