আজকাল ওয়েবডেস্ক: কালীঘাট মন্দিরে পুজো দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।
বুধবার পয়লা বৈশাখের দিন সন্ধেয় কালীঘাট মন্দিরে যান অভিষেক। সমস্ত রীতি মেনে পুজো দেন।
এটা ঘটনা, ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় বাংলায় হবে বিধানসভা ভোট। সব দলই শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত। এই পরিস্থিতিতে মায়ের আশীর্বাদ চাইতে কালীঘাট মন্দিরে পুজো দিলেন অভিষেক।
প্রসঙ্গত, মঙ্গলবারই কালীঘাট মন্দিরে পুজো দেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। কালীঘাট মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান। পাশাপাশি বলেন, ‘বাংলার জন্য মায়ের কাছে প্রার্থনা করেছি।’ কালীঘাট মন্দিরে শাড়ি এবং অন্যান্য পুজোর সামগ্রী দিয়ে পুজো দেন মুখ্যমন্ত্রী। নিজে হাতে আরতিও করেন। মন্দির চত্বরে ঘুরে ঘুরে পুজো দিতে দেখা যায় তাঁকে।
মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, প্রতি বছরের মতোই এবারও বাংলা নতুন বছর শুরুর আগে সকলের মঙ্গলকামনায় কালীঘাটে পুজো দেন তিনি। আর এবার পয়লা বৈশাখের দিন রীতি মেনে পুজো দিলেন অভিষেকও।
এদিকে, ফরাক্কার প্রাক্তন জেলা পরিষদ সদস্য ও রাজ্য কংগ্রেসের যুব শাখার সহ–সভাপতি এবং পিসিসি–র সচিব আসিফ ইকবাল বুধবার তৃণমূলে যোগ দেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন অভিষেক ব্যানার্জি।
প্রসঙ্গত, বাংলায় দু’দফায় হবে নির্বাচন। প্রথম দফা ২৩ এপ্রিল। আর দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। এদিকে, নির্বাচন কমিশন বুধবার প্রথম দফার নির্বাচনের জন্য ভোটার ইনফরমেশন স্লিপ (ভিআইএস) বিলি করার সময় বেঁধে দিল। বুধবার কমিশন জানিয়েছে, আগামী শনিবারের মধ্যেই প্রথম দফার ভোটের সমস্ত স্লিপ বিলি করে ফেলতে হবে। ভোটগ্রহণের অন্তত পাঁচ দিন আগে ভোটাররা যেন স্লিপ হাতে পান, তা নিশ্চিত করবেন বিএলও–রা। এই স্লিপের মধ্যে বিশেষ কিউআর কোডও থাকবে।
২৩ এপ্রিল পশ্চিমবঙ্গের ১৫২ কেন্দ্রে হবে ভোটগ্রহণ। তার পাঁচ দিন আগে শনিবার, ১৮ এপ্রিলের মধ্যে বিএলও–দের সংশ্লিষ্ট কেন্দ্রে স্লিপ বিলির কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।