পয়লা বৈশাখের দিন মাতৃশক্তির উদযাপন করল বিজেপি। মাতৃশক্তি ভরসা কার্ডের আনুষ্ঠনিক উদ্বোধন করলেন স্মৃতি ইরানি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এই ফর্ম পূরণের মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি তিন হাজার টাকা পৌঁছে দেওয়া হবে। যদিও বিজেপির ব্যাখ্যা, সরকারি প্রকল্পের দলীয় প্রচারের জন্যই এই ফর্ম পূরণের ব্যবস্থা। এর সঙ্গে সরাসরি সরকারের কাজের কোনও যোগাযোগ নেই। এটা সরকারি প্রকল্পের দলীয় স্তরে প্রচার কৌশল মাত্র। তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। নির্বাচনী আতরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।
প্রসঙ্গত, এই প্রকল্পের অধীনে, দলটি সরকার গঠন করলে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রকল্পটিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষীর ভান্ডার প্রকল্পের পাল্টা হিসেবে তুলে ধরা হচ্ছে। বিধানসভা ভোটের আগে ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ বিলির অভিযোগও উঠেছে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেওয়া ওই ফর্ম পূরণ করানো হচ্ছে মহিলাদের। বিজেপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে ঢুকে যাবে। উত্তর ২৪ পরগনার বনগাঁ ও বাগদায় বুধবার এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। দুর্গাপুরে বিজেপি মহিলা মোর্চার বিরুদ্ধেও নববর্ষের সকালেই বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের নাম, ঠিকানা, ফোন নম্বর সহ ফর্ম ফিলাপের অভিযোগ উঠেছে। আদর্শ আচরণবিধি থাকাকালীন প্রলোভন দেখানোর অভিযোগ তুলেছে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে শাসকশিবির।