• শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান, মেজাজ হারিয়ে তেড়ে যাওয়ার চেষ্টা!
    প্রতিদিন | ১৬ এপ্রিল ২০২৬
  • রোড শো চলাকালীন ‘জয় বাংলা’ স্লোগান শুনেই মেজাজ হারালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি (Suvendu Adhikari)। মেজাজ হারিয়ে হুট খোলা গাড়ি থেকে নেমে জনতার দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করলেন তিনি। কিন্তু তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকালেন। রীতিমতো রেগে গিয়ে মাইক হাতে বিরোধী দলনেতাকে বলতে শোনা গেলো, ‘‘পুলিশের কে আছেন দেখি আসুন।’’ ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায় বালির গোস্বামীপাড়ায়

    রাজ্যে প্রথম দফার ভোটের (West Bengal Assembly Election) বাকি কয়েকটা দিন। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোট। তার আগেই ক্রমশ চড়ছে উত্তেজনা। ঝাঁজ বাড়ছে প্রচারে। সেই মতো এদিন বালির বিজেপি প্রার্থী সঞ্জয় সিংয়ের হয়ে একটি রোড শো করতে বালিতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। বালির লালবাবা কলেজের সামনে থেকে হুডখোলা গাড়িতে চেপে রোড শো শুরু করেন শুভেন্দু। রোড শো টি বালির নিমতলা পর্যন্ত যায়। কিন্তু নিমতলা পৌঁছোনোর আগেই বালির গোস্বামীপাড়ায় বিজেপির রোড শো চলাকালীন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তৃণমূলের কিছু কর্মী পতাকা হাতে ‘‘জয় বাংলা’’ স্লোগান দিতে থাকেন। পাস দিয়ে হুড খোলা গাড়িতে চেপে যাওয়া শুভেন্দু অধিকারি সেই স্লোগান শুনে রীতিমতো রেগে যান।

    বিরোধী দলনেতা স্লোগান শুনে রেগে যাওয়ার পাশাপাশি রোড শো-তে থাকা বিজেপি কর্মীরাও রেগে যান তৃণমূল কর্মীদের উপর। তাঁরাও পাল্টা ‘‘জয় শ্রী রাম’’ স্লোগান দিতে থাকেন। তাঁদের সঙ্গে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি বেধে যায়। অবশেষে বালি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

    শুভেন্দু অধিকারি মাইকে চিৎকার করতে করতে হুডখোলা গাড়িতে চেপে ওই এলাকা ছেড়ে চলে যান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনা প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘‘বালি থানার ওসিকে সাসপেনশনের জন্য লিখিত অভিযোগ দায়ের করবো। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করবো।’’
  • Link to this news (প্রতিদিন)