• ভোটবঙ্গে হাওয়ালার মাধ্যমে পাচারের ছক? বর্ধমান স্টেশনে নগদ ৪০ লক্ষ-সহ গ্রেপ্তার বিহারের ২
    প্রতিদিন | ১৬ এপ্রিল ২০২৬
  • বিপুল পরিমাণ নগদ অর্থ সহ বিহারের দুই বাসিন্দাকে গ্রেপ্তার করল বর্ধমান জিআরপি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বর্ধমান স্টেশন চত্বরে। ভোটের মুখে টাকা উদ্ধারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতদের কাছ থেকে নগদ ৩৯ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার করার পাশাপাশি দু’টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, তাঁরা বিহার থেকে এই টাকা নিয়ে বর্ধমানে এসেছিলেন অভিযুক্ত। অন্য কোনও ব্যক্তিকে এই টাকা হস্তান্তরের কথা ছিল তাঁদের। 

    ধৃতদের নাম অয়াধেশ কুমার ও সুনীল কুমার। তাঁরা বিহারের সমস্তিপুরের বাসিন্দা। তাঁদের বুধবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে জিআরপি বর্ধমান থানার ওসি সুজন ঘোষের নেতৃত্বে বর্ধমান স্টেশনে রুটিন তল্লাশি চলছিল। সেই সময় ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের ফুট ওভারব্রিজে অয়াধেশ ও সুনীলের সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপর তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তাঁদের লাগেজ ব্যাগে তল্লাশি চালাতেই ব্যাগ থেকে উদ্ধার হয় নগদ ৩৯ লক্ষ ৬০ হাজার টাকা। রাজ্যে নির্বাচনী আদর্শ আচরণবিধি বলবৎ থাকা সত্ত্বেও এই বিপুল পরিমাণ অর্থের কোনও বৈধ নথি দেখাতে পারেননি সন্দেহভাজনরা। এরপরই দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে ওই বিপুল টাকা ও দু’টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

    উল্লেখ‌্য, সোমবার রাতে জেলা পুলিশ বর্ধমানের জামালপুর, খণ্ডঘোষ এবং দেওয়ানদিঘি থানা এলাকায় নাকা চেকিংয়ের সময়ও বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানিয়েছেন, নির্বাচনের আগে নাকা চেকিং চলাকালীন, দেওয়ানদিঘি থানার নিত্যানন্দপুর এসএসটি নাকা পয়েন্টে এসএসটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একটি চারচাকা গাড়ি থেকে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়। নগদ অর্থের বৈধ উৎস সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায়, এসএসটি ম্যাজিস্ট্রেটের নির্দেশে টাকাগুলি বাজেয়াপ্ত করে পুলিশ। অন্যদিকে জামালপুর থানার অন্তর্গত মাধবপুর মোড় এলাকায় অন্য একটি চারচাকা গাড়িকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় গাড়ির ড্যাশ বোর্ড থেকে মোট ১ লক্ষ ৫ হাজার টাকা উদ্ধার হয়। একইদিনে খণ্ডঘোষ থানার অন্তর্গত আম্বা এলাকায় এসএসটি দলের সঙ্গে যৌথভাবে নাকা চেকিং পরিচালনা করে বাঁকুড়া জেলার ইন্দাস থানার আকুই গ্রামের বাসিন্দা মানিক গুপ্তের কাছ থেকে ১ লক্ষ ৫৮ হাজার ৫০০ টাকা বাজেয়াপ্ত করা হয়।
  • Link to this news (প্রতিদিন)