• বাংলা বলায় ফের বিজেপিশাসিত রাজ্যে আটক মালদহের ১৭ শ্রমিক! ভোট দিতে ফিরছিলেন বাড়ি
    প্রতিদিন | ১৬ এপ্রিল ২০২৬
  • নিজের রাজ্যে ভোট দিতে আসার পথে বিজেপি শাসিত রাজ্যে ফের আটক বাংলার পরিযায়ী শ্রমিক। ফের বাংলা ভাষায় কথা বলায় বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্তার অভিযোগ উঠল। ওই পরিযায়ী শ্রমিকরা ভোট দেওয়ার জন্য ওড়িশা থেকে মালদহের বাড়িতে ফিরছিলেন। সেই সময় মোট ১৭ জনকে আটক করে ওড়িশা পুলিশ। এই ঘটনায় ফের একবার বিজেপির বাংলা-বিরোধিতার অভিযোগ উঠেছে।

    জানা গিয়েছে, ওই ১৭ জন শ্রমিক মালদহের হরিশচন্দ্রপুরের বাসিন্দা। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই কারণে ভোট দিতে তাঁরা বাড়িতে ফিরছিলেন। কিন্তু বাড়িতে ফেরার আগেই তাঁদের আটক করে ওড়িশা পুলিশ। জানা গিয়েছে মঙ্গলবার তাঁদের আটক করা হয়েছে। আটক হওয়া পরিযায়ী শ্রমিকের পরিবারের অভিযোগ, বাংলায় কথা বলায় তাঁদের বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন আটক হওয়া পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা।

    এই ঘটনায় ওড়িশার বিজেপি সরকারের বিরুদ্ধে অত্য়াচারের অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল। বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তৃণমূলের দাবি, বিজেপির রাজনৈতিক চক্রান্ত করছে। পরিযায়ী শ্রমিকদের আটক হওয়ার খবর বুধবার এলাকায় চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। এদিন তাঁর আঁচ পড়ে বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যের নির্বাচনী সফরেও। হরিশ্চন্দ্রপুরে জনসভা করতে যাওয়ার পথে এলাকার মানুষ ও তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি রাজ্য সভাপতি। যদিও এ নিয়ে তিনি মুখ খোলেননি। যদিও হেনস্তার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, ভারতে কোনও বাংলাদেশির জায়গা হবে না।
  • Link to this news (প্রতিদিন)