রাহুলের সভার পরই তৃণমূলে যোগ প্রদেশ কংগ্রেস সম্পাদকের, মুর্শিদাবাদে হাতশিবিরে ভাঙন
প্রতিদিন | ১৬ এপ্রিল ২০২৬
ভোটের মুখে আরও শক্তিশালী তৃণমূল। রাহুল গান্ধীর সভার পরই কংগ্রেস ছেড়ে শাসক শিবিরে যোগ প্রদেশ কংগ্রেস সম্পাদক আসিফ ইকবালের। বুধবার নববর্ষের বিকেলে দক্ষিণ ২৪ পরগনার পৈলানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নেন তিনি।
কে এই আসিফ ইকবাল? ফরাক্কার পাঁচবারের কংগ্রেস বিধায়ক প্রয়াত মইনুল হকের ভাইপো আসিফ। তাই তাঁর রক্তে রাজনীতি। ২০১৮ সালে মুর্শিদাবাদে কংগ্রেসের টিকিটে জেতা একমাত্র জেলা পরিষদ সদস্য ছিলেন তিনি। প্রদেশ কংগ্রেস সম্পাদক তথা রাজ্য যুব কংগ্রেসের সহ সভাপতি ছিলেন আসিফ। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আসিফ ফরাক্কা বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছিলেন। যদি তাঁকে ‘প্রতীক’ দেয়নি দল।
আসিফের পরিবর্তে ফরাক্কা থেকে এবার কংগ্রেসের হয়ে ভোটে লড়ছেন মাহাতাব শেখ। যদিও প্রথমে তাঁর নাম ভোটার তালিকায় ছিল না। পরে এসআইআর ট্রাইব্যুনালে জরুরি শুনানি হয়। মাহতাবের নাম ভোটার তালিকায় ওঠে। কংগ্রেসের ‘প্রতীক’ পান। ভোটে টিকিট না পাওয়ার ফলে হাতশিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন আসিফ। তিনি বলেছিলেন, “দলের মধ্যে বহু বঞ্চনার শিকার হয়েও এতদিন আমি কংগ্রেসকে বুকে আগলে রেখেছিলাম।” সম্ভবত সেই ক্ষোভ থেকেই দলবদলের সিদ্ধান্ত আসিফের। নাম লেখান ঘাসফুল শিবিরে। এদিন তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা ভোটের দোরগোড়ায় দলীয় নেতার দলবদলে স্বাভাবিকভাবেই বিড়ম্বনায় কংগ্রেস। এই প্রসঙ্গে এখনও পর্যন্ত হাতশিবিরের কোনও নেতার তরফে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।