নববর্ষের দিন বাগানে নতুন স্পনসর, ক্লাবে হবে পিকলবল কোর্ট
আজকাল | ১৫ এপ্রিল ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: বাংলার নতুন বছরের প্রথম দিন জমজমাট মোহনবাগান ক্লাব। সুসজ্জিত ক্লাব প্রাঙ্গন। থিম যথারীতি সবুজ মেরুন। বছরের প্রথম দিন ক্লাব সাজানো হয় জার্সি এবং বড় হাত পাখায়। সদর ফটক থেকে মাঠ, ক্লাবতাঁবু পর্যন্ত পথ শয়ে শয়ে জার্সি দিয়ে সাজানো। ময়দানি প্রথা মেনে সকাল সাড়ে ন'টায় হয় বারপুজো। পুজোয় বসেন মোহনবাগান ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত, সচিব সৃঞ্জয় বসু, অধিনায়ক শুভাশিস বসু এবং তারকা ফুটবলার মনবীর সিং। সভ্য-সমর্থকদের ভিড় থাকলেও, সেটা অন্যান্যবারের তুলনায় কিছুটা কম। মোহনবাগান কর্তারা মনে করেন, এটা আসন্ন নির্বাচনের প্রভাব। তবে নতুন বছরের প্রথম দিন সুখবর শতাব্দীপ্রাচীন ক্লাবে। নতুন স্পনসর পেল মোহনবাগান। ক্রিকেট, হকি এবং অ্যাথলেটিক্স-এ প্রধান স্পনসর রিপ্লে। পাঁচ বছরের চুক্তি। এদিন নতুন স্পনসর-এর জার্সি উন্মোচন হয়। দেবাশিস দত্ত, সৃঞ্জয় বসু ছাড়াও ছিলেন সৌমিক বসু।
নতুন বছর মানেই শপথ। নতুন অঙ্গীকার। এবারও নতুন কিছু করার লক্ষ্যে বাগান কর্তারা। কয়েকদিন আগেই হকি অ্যাকাডেমি করার কথা জানানো হয়েছে। ক্রিকেট অ্যাকাডেমির ঘোষণা বছর দুয়েক আগে হলেও সেই কাজ এখনও শুরু হয়নি। এবার এই দুটো অ্যাকাডেমির কাজ শুরু করতে চাইছে কর্তারা। এছাড়াও নেওয়া হবে নতুন একটি উদ্যোগ। ক্লাবে হবে পিকল বল কোর্ট। জানান মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটাতে চায় শতাব্দীপ্রাচীন ক্লাব। বর্তমানে পিকল বল খুবই জনপ্রিয়। মুম্বই, বেঙ্গালুরু, পুনে, দিল্লির পাশাপাশি এই খেলায় আগ্রহ বাড়ছে কলকাতারও। ক্লাবে আগামী প্রজন্মের যোগদান বাড়াতে এবার আরও একটি নতুন ভাবনাচিন্তা বাগান কর্তাদের। সচিব সৃঞ্জয় বসু বলেন, 'আমরা চাই ক্লাবে সমর্থকরা আসুক। পুরোনো থেকে নতুন প্রজন্ম, সবার যোগদান বাড়াতে চাই। তাই ক্লাবেই পিকেল বল খেলা চালু করার কথা ভাবা হচ্ছে। সদস্য, সমর্থকরা এসে খেলতে পারবে। ক্লাবেই কোর্ট করা হবে। এই বিষয়ে আমরা ইতিমধ্যেই আর্মির সঙ্গে কথা বলেছি। এছাড়াও হবে হকি অ্যাকাডেমি। আমরা দু'বছর ধরে হকিতে চ্যাম্পিয়ন। বাইরের ছেলেরা আমাদের দলে খেলে। বেশিরভাগের কলকাতার সঙ্গে সম্পর্ক নেই। আমরা চাই স্থানীয় হকি প্লেয়ার উঠে আসুক। এছাড়াও ক্রিকেট অ্যাকাডেমির কাজ দ্রুত শুরু করার চেষ্টা চলছে।'
দায়িত্ব নেওয়ার পর বাগান সচিব জানিয়েছিলেন, মেয়েদের ফুটবল দল করা নিয়ে মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে আলোচনা করবেন। বর্তমানে রমরমিয়ে চলছে কন্যাশ্রী কাপ। খেলছে ইস্টবেঙ্গল, শ্রীভূমি, ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব সহ ১৬টি ক্লাব। কিন্তু এখনই মেয়েদের দল গঠন নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি বাগান কর্তৃপক্ষ। সচিব জানান, কথা চললেও, বিষয়টি সময়সাপেক্ষ।
গত কয়েক বছর ধরে মোহনবাগানের দুই শীর্ষকর্তার মধ্যে সম্পর্কে অবনতি ঘটায় একসঙ্গে বারপুজোয় বসার কোনও প্রশ্ন ছিল না। কিন্তু গত এক বছরে বদলেছে চিত্র। দূরত্ব কমার পর এই প্রথম বারপুজো। আবার একত্রিত হয়ে ক্লাবকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার বাগান সভাপতির। অবশ্যই লক্ষ্য আইএসএল চ্যাম্পিয়ন হওয়া। এছাড়াও বিভিন্ন খেলায় উন্নয়ন চান কর্তারা। একইসঙ্গে ক্লাবের পরিকাঠামো আরও উন্নতমানের করা লক্ষ্য। দেবাশিস দত্ত বলেন, 'আমাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর প্রথম বারপুজো। একসঙ্গে মোহনবাগানকে আরও সাফল্য এনে দিতে চাই। চ্যাম্পিয়ন হওয়া একটা বিষয়। তবে পাশাপাশি বাংলার প্রত্যেক খেলায় যাতে উন্নতি হয়, সেই চেষ্টা করতে হবে।' আগের বছর নববর্ষে ক্লাব লনে রাখা ছিল আইএসএল ট্রফি এবং শিল্ড। যা দেখতে সমর্থকরা ভিড় জমায়। চলতি আইএসএলেও চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে আশাবাদী। মাঝে পরপর ড্রয়ে সার্জিও লোবেরার দল কিছুটা ব্যাকফুটে চলে যায়। কিন্তু ঘরের মাঠে পাঞ্জাবকে হারিয়ে আবার লড়াইয়ে ফিরে এসেছে। চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা দেখছেন বাগান কর্তারা। এদিন বাগানের দুই শীর্ষকর্তা ছাড়াও ছিলেন ফুটবল সচিব স্বপন ব্যানার্জি সহ বাকি ক্লাব কর্তারা। এছাড়াও ছিলেন প্রাক্তন ফুটবলাররা। তালিকায় ছিলেন প্রসূন ব্যানার্জি, আলোক মুখার্জি, বিশ্বজিৎ ভট্টাচার্য এবং কৃষ্ণেন্দু রায়।