• ভোটের আগে বিজেপির ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড বিতরণ ঘিরে বিতর্ক
    দৈনিক স্টেটসম্যান | ১৬ এপ্রিল ২০২৬
  • প্রথম দফার ভোটের আর মাত্র কয়েক দিন বাকি। তার মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই কার্ড বিলির মাধ্যমে মহিলাদের মাসিক আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে বিরোধী শিবির— এমন অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    মুখ্যমন্ত্রীর দাবি, নির্বাচনের মুখে এই ধরনের কার্ড বিলি করে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। ইসলামপুরের জনসভা থেকে তিনি বলেন, ‘নির্বাচনের সময় এই কার্ড বিলি করা হচ্ছে কেন? আগে করা যায়নি?’ তাঁর অভিযোগ, মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    প্রসঙ্গত, বুধবার এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উপস্থিতিতে এই কার্ড সামনে আনা হয়। সেখানে মহিলাদের মাসিক আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কয়েকজন মহিলার হাতে প্রতীকীভাবে এই কার্ড তুলে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনের সময় টাকার প্রতিশ্রুতি দিয়ে ভোটে প্রভাব ফেলার চেষ্টা হচ্ছে।’ তাঁর অভিযোগ, ভোটের পর এই প্রতিশ্রুতি বাস্তবে কার্যকর হবে না।

    তৃণমূলের বক্তব্য, রাজ্যের মহিলাদের উন্নয়ন ও স্বনির্ভরতার জন্য ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। সেই তুলনায় নির্বাচনের ঠিক আগে নতুন প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন, যাতে এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তাঁর কথায়, ‘যাঁরা নির্বাচনের সময় মানুষকে বিভ্রান্ত করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’

    রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভোট যত এগোচ্ছে, ততই প্রতিশ্রুতি ও পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনীতি। তবে শেষ পর্যন্ত সাধারণ মানুষের আস্থাই নির্ধারণ করবে কোন পথে যাবে রাজ্য।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)