ভোটের আগে ফের বিতর্ক অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। অন্নপূর্ণা ভাণ্ডারের নাম করে মহিলাদের টাকা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। এই অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই কাজ হচ্ছিল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) সোনারপুর অঞ্চলে।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, অন্নপূর্ণা ভাণ্ডারের নাম করে ফর্ম ফিল আপের মাধ্যমে মহিলাদের টাকা দেওয়া হচ্ছিল। বুধবার রাতে ওই টাকা দেওয়া হচ্ছিল বিজেপি (BJP)-র তরফে বলে অভিযোগ।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে সোনারপুরে (Sonarpur)। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোনারপুর প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একই অভিযোগ দায়ের করা হয়েছে নির্বাচন কমিশনের কাছেও।
সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) প্রার্থী লাভলী মৈত্র-র অভিযোগ, ফর্ম ফিল আপের সময় মহিলাদের কাছ থেকে আধার কার্ড চাওয়া হচ্ছিল। সেই সঙ্গেই প্রকাশ্যে টাকার প্রলোভন দেওয়া হচ্ছিল মহিলাদের। তাঁর দাবি, এই ভাবে মহিলাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে বিজপির লোকজন।
বিহারেও একই ভাবে মহিলাদের টাকা দিয়ে পরে তা ফেরত নেওয়ার ঘটনা ঘটেছে বলেও দাবি তাঁর। লাভলি জানিয়েছেন, ইতিমধ্যেই এই নিয়ে অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনের (Election Commission) কাছে। এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস।
যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এলাকার বিজেপি নেতাদের দাবি, হেরে যাওয়ার ভয়ে এই ধরনের মিথ্যা কথা বলছেন লাভলি মৈত্র। এই জাতীয় কুৎসা ছড়িয়েও লাভবান হতে পারবে না তৃণমূল বলেও দাবি বিজেপি-র।